২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে স্যাঙ্গেরাইসহ দুই বিরোধী নেতা আটক

জিম্বাবুয়ের পুলিশ বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার সময় বিরেধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'র (এমডিসি) নেতা মর্গান স্যাঙ্গেরাইকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

হারারে, ১২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের পুলিশ বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার সময় বিরেধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'র (এমডিসি) নেতা মর্গান স্যাঙ্গেরাইকে আটক করেছে। এছাড়া বিমানবন্দর থেকে আটক করা হয়েছে দলটির মহাসচিব তেন্দাই বিটিকে। এ নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মতো আটক হলেন স্যাঙ্গেরাই। এমডিসি ও মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে আগামী ২৭ জুনের দিত্বীয় দফা ভোটের আগে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সরকার বিরোধীদলের নেতাকর্মীদের আটক করে সাধারণ জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছে। এমডিসি এক বিবৃতিতে জানিয়েছে, "স্যাঙ্গেরাইকে পুলিশ আটক করে কিউকি পুলিশ স্টেশনে রেখেছে। মিডল্যান্ড প্রদেশে নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় কিউকির বাইরে থেকে ২০ জন নেতাকর্মীসহ স্যাঙ্গেরাইকে আটক করা হয়েছে।" পুলিশ স্টেশন থেকে স্যঙ্গেরাইয়ের মুখপাত্র টেলিফোনে রয়টার্সকে বলেন, "পুলিশ স্টেশনে আমাদের আটকে রাখা হয়েছে। পুলিশ বলছে তারা আমাদের গাড়িবহর তল্লাশি করতে চায়।" তিনি আরও বলেন, "আমাদের দেরি করানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের আটক করা হয়েছে। এটা খুবই বিড়ম্বনাময়।" এ সময় টেলিফোনে স্যাঙ্গেরাইয়ের কন্ঠ শোনা যাচ্ছিল। তিনি পুলিশকে বলছেন, আমরা কি অপরাধ করেছি। গাড়িগুলো আমাদের বহরেরই অংশ। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পথে হারারে বিমানবন্দরে আটক করা হয় এমডিসি মহাসচিব তেন্দাই বিটিকে। পার্টির ৩ নম্বর শীর্ষ এই নেতা ২৯ মার্চের বিতর্কিত নির্বাচনের পর আফ্রিকার সমর্থন আদায়ের চেষ্টায় দেশ ছেড়ে গিয়েছিলেন। পুলিশের মুখপাত্র ওয়াইনে বায়ুজিয়েনা বলেছেন, নির্বাচনের আগাম ফল ঘোষণার অভিযোগে তেন্দাই বিটিকে আটক করা হয়েছে। গত ২৯ মার্চের নির্বাচনে সরকারি ফল ঘোষণার আগেই তিনি ফল ঘোষণা করেছিনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/২১০০ঘ.