প্যারিস, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দাতারা বৃহস্পতিবার আফগানিস্তানকে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্র"তি দিয়েছে। তবে একই সঙ্গে তারা জানিয়ে দিয়েছে, দুর্নীতিবিরোধী লড়াইয়ে আফগানিস্তানকে আরও বেশি অগ্রগতি করতে হবে এবং সাহায্যের অর্থ ব্যয়ে সমন্বয় বাড়াতে হবে।
প্যারিসে এক সম্মেলনে সন্ত্রাসবাদ, দারিদ্র, মাদক পাচার ও দুর্নীতিবিরোধী লড়াইয়ে আফগানিস্তানকে সহযোগিতা করতে ১০ দশমিক ২ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্র"তি দেয় যুক্তরাষ্ট্র।
২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে আফগানিস্তানের তালেবান সরকারের পতনের ছয় বছর পর দেশটির পুনর্গঠনে সহযোগিতা করতে মার্কিন সরকার এই সহযোগিতার আশ্বাস দিল। দেশটিতে গত বছর সন্ত্রাসী হামলায় প্রায় ছয় হাজার মানুষ নিহত হয়েছে।
৬৮টি রাষ্ট্রের প্রতিনিধিদের এই সম্মেলনের শুরুতেই ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেন, "সন্ত্রাসবাদের মিত্ররা আফগানিস্তানকে জিম্মি করে ফেলেছিল।"
সম্মেলনে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে উদ্দেশ করে সারকোজি বলেন, "সকল গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব আপনাকে সহযোগিতা করা।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন ছাড়াও ১৫টি আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন।
পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনায় ৫০ বিলিয়ন ডলার সাহায্যের আবেদন জানিয়ে সম্মেলনে আফগান প্রেসিডেন্ট কারজাই বলেন, তার দেশে উন্নয়নের জন্য সমন্বিত আর্থিক সহযোগিতার পাশাপাশি দুর্নীতি বিরোধী লড়াইয়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতাও প্রয়োজন।
তিনি বলেন, "আর্থিক দুর্বলতার কারণে উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। তুলনামূলকভাবে সীমিত যে সাহায্য পাওয়া যাচ্ছে তা অগ্রাধিকার ভিত্তিতে জরুরি খাতে ব্যায় করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০২০ ঘ.
bdnews24