ইসলামাবাদ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলকায় মঙ্গলবার রাতে মার্কিন বিমান হামলায় ১১ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাকিস্তান বাহিনী এই হামলার নিন্দা জানিয়ে একে 'কাপুরুষোচিত' বলে অভিহিত করেছ।
এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, "আফগান সীমান্তবর্তী পাহাড়ী উপজাতীয় মোহমান্দ এলাকার একটি সেনা চৌকিতে ওই হামলার ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "জঙ্গিরা সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে হামলা চালায়। এরপর আফগানিস্তান থেকে পাল্টা হামলা চালানো হলে আমাদের ১১ সেনা সদস্য নিহত হন।"
তবে আফগানিস্তান থেকে যারা হামলা চালিয়েছে তারা ন্যাটো বাহিনীর সদস্য না-কি মার্কিন বাহিনীর স্বতন্ত্র কমান্ড তা জানাতে পারেননি ওই কর্মকর্তা।
এছাড়া পাকিস্তানি সেনারা কি ধরণের হামলায় নিহত হয়েছে তাও জানেতে পারেননি ওই কর্মকর্তা। তবে এলাকাবাসী জানিয়েছে, বিমান হামলায় পাকিস্তানি সেনারা নিহত হয়েছে।
এক কর্মকর্তা জানিয়েছেন, পাইলটবিহীন একটি মার্কিন দ্রোন বিমান থেকে ওই এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
তবে আফগানিস্তানে মার্কিন বাহিনীর এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, মার্কিন বাহিনীই ওই সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে।
আঞ্চলিক সরকারি কর্মকর্তারা জনিয়েছেন, মোহমন্দের প্রধান শহর ঘালানি থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমের ওই সীমান্ত ফাঁড়িতে প্রায় ৪০ জন সেনা সদস্য মোতায়েন ছিল।
এক কর্মকর্তা বলেন, "অবশিষ্ট সেনাদের কোনো খোঁজখবর আমাদের কাছে নেই"।
এক বিবৃতিতে পাকিস্তান বাহিনী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিনা উষ্কানিতে এই হামলাকে তারা কাপুরুষোচিত ও বর্বরোচিত বলে অভিহিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৪৫ ঘ.
bdnews24