সিউল, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মাইয়ুং-বাক গণবিক্ষোভ থামাতে তার জোট সরকারের বিরোধী এবং ঘোর প্রতিদ্বন্দ্বী এক নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন। বিরোধী নেতা পার্ক জিউন-হেই এর এক সহযোগী বুধবার এ কথা জানিয়েছেন।
মার্কিন গরুর মাংসের জন্য দক্ষিণ কোরিয়ার বাজার উন্মুক্ত করে দেওয়াসহ বাণিজ্যিক সংস্কারে প্রেসিডেন্ট বাকের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথের বিক্ষোভ বিশাল আকার ধারণ করেছে। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে বিরোধীরা।
রক্ষণশীল গ্রান্ড ন্যাশনাল পার্টির (জিএনপি) নেতা পার্কের এক ঘনিষ্ঠ সহযোগী বুধবার রয়টার্সকে জানান, প্রেসিডেন্ট লি অনানুষ্ঠানিকভাবে তার ঘোর প্রতিপক্ষ পার্ককে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই সহযোগী বলেন, "বর্তমান জটিল পরিস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হলে পার্ক হয়তো তা গ্রহণ করতে পারেন।"
বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাবের মাধ্যমে লি এটা স্বীকার করে নিয়েছেন যে, রাজনৈতিক পরিস্থতি খুবই ভয়াবহ। এই অবস্থায় সবকিছু নিয়ন্ত্রণে আনতে পার্কের সহযোগিতা তার প্রয়োজন।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট লি বলেন, "আমি আবার সবকিছু নতুন করে শুরু করতে চাইছি।"
বিশ্লেষকরা জানিয়েছেন, জিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক স্বৈরসাশকের কন্যা পার্ক পরিস্থিতি বিবেচনা করে লি সরকারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন বলে আশা করা হচ্ছে। এতে করে পার্কের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে লি সরকার বিক্ষোভ প্রশমনের সুযোগ পাবে।
দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের বিষয়টি নিয়ে গত বছর লি ও পার্কের মধ্যে রেষারেষির সৃষ্টি হয়। অবশেষে লি দলের মনোনয়ন নিয়ে মাস তিনেক আগে প্রেসিডেন্ট নির্র্বাচিত হন। তবে দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24