ইয়াঙ্গুন, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গৃহবন্দী বিরোধীদলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চিকে চাবকানো উচিত। জাতীয় নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করার জন্য সু চিকে বখে যাওয়া সন্তানের মতো মারধোর করাটাই উপযুক্ত কাজ। মিয়ানমার সামরিক জান্তা সরকার তাদের কয়েকটি পত্রিকায় বুধবার এই মন্তব্য করেছে।
৬২ বছর বয়স্ক সু চির গৃহবন্দিত্বের মেয়াদ এ বছর আবারও বাড়ানোর পদক্ষেপের যুক্তিযুক্ততা তুলে ধরার চেষ্টায় জান্তা সরকারের কয়েকটি পত্রিকা লিখেছে, সু চির সঙ্গে অন্যান্য রাজবন্দীদের যোগাযোগ আছে এবং তারা বিদ্রোহী গেরিলা ও বিদেশি সরকারগুলোর কাছ থেকে নগদ অর্থ নিয়েছে।
সামরিক জান্তার উপরমহলের চিন্তা-ভাবনার প্রতিফলন ঘটা ওই পত্রিকাগুলো বার্মা ও ইংরেজী ভাষার মিশ্রণে লেখা সম্পাদকীয়তে বলেছে, "তারা যে অপরাধ করেছে তাতে দুষ্টু বাচ্চাদের যেভাবে শাস্তি দেওয়া হয়, ঠিক সেভাবে তাদেরকে চাবকিয়ে শাস্তি দেওয়াটাই সমুচিত কাজ।"
এতে আরও বলা হয়, "সরকার জনগণের বাবা-মায়ের মতো আচরণ করছে এবং ধৈর্য ধরে আছে। আর সু চি ও তার সাঙ্গপাঙ্গরা যাতে একই অপরাধ আবারও করতে না পারে সেজন্যই সরকার তাদেরকে আটক করে রেখেছে।"
উল্লেখ্য, গত ২৭ মে সামরিক জান্তা সু চি'র আটকাদেশ নতুন করে বাড়িয়েছে। দিনটি ছিল ১৯৯০ সালে সু চি'র দল এনএলডি'র ঐতিহাসিক বিজয়ের ১৮ তম বার্ষিকী। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনএলডি'র বিজয় সত্ত্বেও দলটিকে সরকার গঠন করতে দেয়নি সামরিক নেতারা।
১৯৬২ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর থেকে আর সরে দাঁড়ায়নি জেনারেলরা। মিয়ানমারে গণতন্ত্রের প্রতীকে পরিণত হওয়া শান্তিতে নোবেল বিজয়ী আং সান সু চি-কে গত প্রায় ১৯ বছরের মধ্যে প্রায় ১৩ বছরই কারান্তরীণ কিংবা গৃহবন্দী করে রেখেছে জান্তা সরকার।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর মতে, গত সেপ্টেম্বরে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের আগে থেকেই মিয়ানমারে প্রায় ১,১০০ রাজবন্দী ছিল। একইসঙ্গে তারা জানায়, সেপ্টেম্বরের ঘটনার সময় কিংবা পরে আটক করা হাজার হাজার মানুষের মধ্যে কমপক্ষে ৭০০ জনকে এখনও আটকে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪০৩ঘ.
bdnews24