কাঠমাণ্ডু, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালে রাজতন্ত্র বিলুপ্তির দু'সপ্তাহ পর বুধবার রাজপ্রাসাদ ছাড়ছেন ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র। রাজপ্রাসাদ ছেড়ে তিনি আপাতত রাষ্ট্রীয় মালিকানাধীন নাগার্জুন প্রাসাদে উঠবেন বলেই মনে করা হচ্ছে। জ্ঞানেন্দ্রর প্রেস সেক্রেটারি একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ)
এপ্রিলে নির্বাচিত বিশেষ গণপরিষদের সিদ্ধান্তে নেপালের প্রায় ২৪০ বছরের রাজতন্ত্র এখন ইতিহাস। গত মাসে গণপরিষদের এই ঐতিহাসিক সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রজাতন্ত্র হয় নেপাল।
এর পরপরই কাঠমান্ডুর 'নারায়নহিতি' রাজপ্রাসাদ ছাড়ার জন্য জ্ঞানেন্দ্রকে বৃহস্পতিবার পর্যন্ত ১৫ দিন সময় দেওয়া হয়। তিনি প্রাসাদ ছাড়লে সেখানে জাদুঘর বানানো হবে।
জ্ঞানেন্দ্র বুধবার প্রাসাদ ছাড়বেন এবং তার আগে তিনি খুব সম্ভবত একটি সংবাদ সম্মেলন ডাকবেন বলে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি ফনিরাজ পাঠক। তবে সংবাদ সম্মেলনের সঠিক সময় এবং প্রাসাদ ছাড়ার সময়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।
২০০১ সালে রাজা জ্ঞানেন্দ্র সিংহাসনে আরোহণের আগে নিজের যে বাসভবনে থাকতেন সেখানে এখন বাস করে তার ছেলে।
জ্ঞানেন্দ্র বলেছেন, তার থাকার কোনোও জায়গা নেই। একারণে জ্ঞানেন্দ্র নিজস্ব বাসভবনের ব্যবস্থা না করা পর্যন্ত নেপাল সরকার তাকে রাষ্ট্রীয় মালিকানাধীন 'নাগার্জুন' প্রাসাদে থাকতে দেবে। এই প্রসাদের অবস্থান কাঠমাণ্ডু থেকে ৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। গত বছর নেপাল সরকার ক্ষমতা নেওয়ার আগে রাজার গ্রীষ্মকালীন প্রাসাদ ছিল এটি।
ফনিরাজ পাঠক বুধবার বলেছেন, " হ্যাঁ তিনি এখন নাগার্জুনে যাচ্ছেন। পরিকল্পনা এটাই।" এব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।
ওদিকে, রাজাকে নাগার্জুন প্রাসাদে থাকতে দেওয়ার বিরোধিতা করে ১শ'রও বেশি মানুষ বুধবার গণপরিষদ ভবনের বাইরে জড়ো হয়েছে। তাদের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা, "ভিক্ষুককে প্রসাদ নয়, ভিক্ষা দেওয়া হোক।"
নেপালে ২০০৬ সালে মাওবাদী বিদ্রোহিদের সঙ্গে শান্তিচুক্তি এবং রাজনীতির মূলধারায় তাদের যোগদানের পথ ধরে গৃহযুদ্ধের অবসান হয়ে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটেছে। এপ্রিলে নেপালের নতুন গণপরিষদ নির্বাচনে মাওবাদীরা বিষ্ময়কর ভোটে জয়লাভ করে।
জ্ঞানেন্দ্রর অবিলম্বে প্রাসাদ ছাড়াটা মাওবাদীদের অন্যতম দাবি। বিবিসি জানিয়েছে, জ্ঞানেন্দ্রর প্রাসাদ ছাড়ার সিদ্ধান্তে মাওবাদীদের মুখপাত্র কৃষ্ণ বাহাদুর মাহারা বলেছেন, "রাজা যে শান্তিপূর্ণভাবে প্রাসাদ ছাড়ার সিদ্ধান্ত মেনে নিয়েছেন এটি খুবই ইতিবাচক পদক্ষেপ। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি।"
নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদে প্রাসাদ ছাড়ার জন্য জ্ঞানেন্দ্রের সঙ্গে দেওয়া হবে ৫০ জন পুলিশ এবং ২৫ জন সেনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৫৬ঘ.
bdnews24