২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে যাত্রীবাহী বিমান বিস্ফোরণে ৩৩ জন নিহত

সুদানের খার্তুম বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান খারাপ আবহওয়ার মধ্যে অবতরণের পরপরই বিস্ফোরিত হয়ে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। বিমানটিতে ২১৭ জন আরোহী ছিল। কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 06:02 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

খার্তুম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুদানের খার্তুম বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান খারাপ আবহওয়ার মধ্যে অবতরণের পরপরই বিস্ফোরিত হয়ে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। বিমানটিতে ২১৭ জন আরোহী ছিল। কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। খার্তুম বিমানবন্দরের চিকিৎসা বিভাগের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ ওসমান মাহজৌব বলেছেন, বিমান কর্তৃপক্ষ এ পর্যন্ত ১১৩ জন জীবীতের হদিস পেয়েছে। ৫০ থেকে ৬০ জন এখনও নিখোঁজ রয়েছে। জীবীতরা বিমানের জরুরি বহির্গমণ পথ দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। মাহজৌব জানান, ২৮ টি মৃতদেহ স্থানীয় মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ওদিকে, প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা উদ্ধারকর্মীদের বিমানের ধ্বংসস্তুপ থেকে আরও ৫ টি মৃতদেহ উদ্ধার করতে দেখেছেন। নিখোঁজদের মধ্যে যারা বেঁচে গেছেন তাদের অনেকেই কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে বাড়ি চলে গেছেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। নিহতদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে যাত্রীতালিকা পরীক্ষা করে কূটনীতিকরা জানিয়েছেন, বেশিরভাগ নামই আরবীয়। বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, যাত্রীদের বেশির ভাগই সুদানী। বিমানটি জর্ডানের রাজধানী আম্মান থেকে দামেস্ক হয়ে সুদানে অবতরণ করে। টিভি ফুটেজে বিমোনের ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা গেছে। রাতের অন্ধকারে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করতে দেখা গেছে ক্রুদের। সুদানের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি মঙ্গলবার খার্তুম বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেও ধুলিঝড় এবং প্রচণ্ড বৃষ্টির কারণে তা করতে পারেনি। ফলে বিমানটি গতিপথ পাল্টে রেড সি সিটি অব পোর্ট সুদানের দিকে গিয়ে পরে আবার খার্তুমে ফিরে এসে অবতরণ করে। বিস্ফোরণ ঘটেছে বিমানটির ডানদিকের ডানার ইঞ্জিনের অংশে। খারাপ আবহাওয়ার কারণেই এমনটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খর্তুম বিমানবন্দরের পরিচালক ইউসুফ ইব্রাহিম সুদানের জাতীয় টেলিভিশনে জানিয়েছেন, বিমানটি নিরাপদেই অবতরণ করে। অবতরণের সময় পাইলটের সঙ্গে কন্ট্রোল টাওয়ারের সংযোগও ছিল। কিন্তু বিমানটিতে আগুন ধরে ডকে ফেরার সময়। ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে বিমানটিতে আগুন ধরে যায়। বিমান থেকে এখনও মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। কিছু কিছু দেহ সম্পূর্ণ পুড়ে গেছে এবং কিছু কিছু দেহ খন্ডবিখন্ড হয়ে যাওয়ায় উদ্ধারকাজ খুবই জটিল হয়ে পড়েছে বলে জানিয়েছেন পুলিশের উপ-পরিচালক জেনারেল আল আদেল আজেব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৫৬ঘ