২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিক ভারসাম্যহীনতার শিকার গুয়ান্তানামোর দুই-তৃতীয়াংশ বন্দী

কিউবার গুয়ান্তানামো বে'র মার্কিন বন্দীশিবিরে আটক বন্দীদের দুই-তৃতীয়াংশই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে অথবা ঝুঁকির মধ্যে আছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

বার্র্লিন, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবার গুয়ান্তানামো বে'র মার্কিন বন্দীশিবিরে আটক বন্দীদের দুই-তৃতীয়াংশই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে অথবা ঝুঁকির মধ্যে আছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) একথা জানিয়েছে। 'একাকী বন্দী: গুয়ান্তানামোর বন্দিদশা ও বন্দীদের মানসিক স্বাস্থ্য' শীর্ষ একটি প্রতিবেদনে হিউম্যান রইটস ওয়াচ জানায়, সেখানকার বন্দীদের ছোট ছোট সেলে একাকী আটকে রাখা হয়েছে। ওই সেলগুলোতে সামান্য আলো-বাতাসও পৌঁছায় না। সংস্থাটি জানিয়েছে, বন্দীশালায় আটক ২৭০ সন্দেহভাজন সন্ত্রাসীর মধ্যে ১৮৫ জনকে যে অবস্থায় সেখানে রাখা হয়েছে তাকে 'সুপারম্যাক্স' বন্দিশালার সঙ্গে তুলনা করা যায়। সরকারি কর্মকর্তা ও আইনজীবীদের সাক্ষাৎকারের ভিত্তিতে এইচআরডব্লিউ আরও জানিয়েছে, দিনের ২৪ ঘণ্টার মধ্যে ২২ ঘণ্টা বন্দীদের একা থাকতে হয়। তারা সেখানে বলতে গেলে কারো সঙ্গে কথা বলতেই পারেন না এবং নিজেদের কাছে থাকা পবিত্র কোরআন ছাড়া তাদের সেলগুলোতে আর কিছুই নেই। এইচআরডব্লিউ'এর সন্ত্রাসবিরোধী পরামর্শক জেনিফার ডাসকেল বলেন, "গুয়ান্তানামোর বন্দীদের মধ্যে অনেকের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ পর্যন্ত আনা হয়নি। তাদের যে ভয়াবহ অবস্থার মধ্যে থাকতে বাধ্য করা হচ্ছে যুক্তরাষ্ট্রে তার চেয়েও বড় বড় অপরাধীকে এমন অবস্থায় আটক রাখা হয়নি।" ছয় বছরেরও বেশি সময় ধরে গুয়েন্তানামো বন্দিশিবিরে সন্দেহভাজন সন্ত্রাসীদের আটকে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এখনও পর্যন্ত এদের একজনেরও বিচার হয়নি। সবেমাত্র ১৯টি মামলার বিচার চলছে। তবে গুয়েনামোয় সামরিক আদালত গঠনের বিষয়টির বৈধতা এখনো ঝুলে আছে। তবে আশার বিষয়, আগামী নভেম্বরের নির্বাচনে দুই প্রার্থী জন ম্যাককেইন ও বারাক ওবামা দুজনেই গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধের প্রতিশ্র"তি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোরড ডটকম/এফএইচবি/এলকিউ/১৮২০ ঘ.