ইয়াঙ্গুন, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সু চি সমর্থক ১৫ রাজনৈতিক কর্মীকে মুক্তি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। গৃহবন্দি আং সান সু চির বাসভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টাকালে দুই সপ্তাহ আগে তাদের আটক করা হয়। সু চি'র নেতৃত্বাধীন দেশটির প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল লিগ অফ ডেমোক্র্যাসির (এনএলডি) মুখপাত্র মঙ্গলবার একথা জানিয়েছেন।
এনএলডি মুখপাত্র নায়ান উইন রয়টার্সকে বলেছেন, "আটককরা হয়েছিল এমন একজন আমাকে ফোন করে জানিয়েছেন যে গতরাতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে আমার সঙ্গে এখনও তার সরাসরি দেখা হয়নি।"
সু চির গত পাঁচ বছর ধরে টানা চলতে থাকা গৃহবন্দি দশা থেকে তাকে মুক্তি দেওয়ার দাবি লেখা একটি ব্যানার নিয়ে এনএলডি'র কেন্দ্রীয় কার্যালয় থেকে সু চি'র বাসভবনের দিকে মিছিল করে যাওয়ার সময় সেখান থেকে তাদের আটক করেছিল পুলিশ।
গত ২৭ মে ওই ঘটনায় এনএলডি কর্মীদের আটক করার কয়েক ঘন্টার মধ্যেই সামরিক জান্তা সু চি'র আটকাদেশ নতুন করে বাড়ায়।
দিনটি ছিল ১৯৯০ সালে সু চি'র দল এনএলডি'র ঐতিহাসিক বিজয়ের ১৮ তম বার্ষিকী। কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনএলডি'র বিজয় সত্ত্বেও দলটিকে সরকার গঠন করতে দেয়নি দেশটির সামরিক নেতারা।
১৯৬২ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর থেকে আর সরে দাঁড়ায়নি দেশটির জেনারেলরা।
মিয়ানমারে গণতন্ত্রের প্রতীকে পরিণত হওয়া শান্তিতে নোবেল বিজয়ী আং সান সু চি-কে গত প্রায় ১৯ বছরের মধ্যে প্রায় ১৩ বছরই কারাগারে পুরে কিংবা গৃহবন্দি করে রেখেছে দেশটির সামরিক জান্তা।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর মতে গত সেপ্টেম্বরে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের আগে থেকেই মিয়ানমারে প্রায় ১,১০০ রাজনৈতিক বন্দি ছিল। একইসঙ্গে তারা জানায় সেপ্টেম্বরের ঘটনার সময় কিংবা পরে আটক করা হাজার হাজার মানুষের মধ্যে কমপক্ষে ৭০০ জনকে এখনও আটকে রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় নার্গিসে সরকারের ত্রাণ তৎপরতা নিয়ে প্রকাশ্যে সমালোনার পর গত ৩ জুন গ্রেপ্তার করা হয় সামরিক জান্তাবিরোধী গণতান্ত্রিক কর্মী জারগানাকে। গ্রেপ্তারের পর তাকে কোথায় রাখা হয়েছে সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।
জারগানারে পরিবারে এক সসদ্য বলেন, "তাকে গ্রেপ্তার করা কর্মকর্তাদের একজন কয়েক দিন আগে এসে আমাদের জিজ্ঞাসাবাদ করে গেছেন। তবে তাকে কোথায় রাখা হয়েছে সে ব্যাপারে আমাদের কিছু জানাননি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এফএইচবি/১৭৩০ ঘ.
bdnews24