বেইচুয়ান, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনে ভূমিকম্প বিধ্বস্ত সিচুয়ান প্রদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর বেইচুয়ান মঙ্গলবার ভূমিকম্প-হৃদের বন্যার কবলে পড়েছে। পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় মঙ্গলবার সকালের মধ্যেই পরিত্যাক্ত শহরটির এক তৃতীয়াংশ বন্যার পানিতে ভেসে গেছে। হৃদের পানি উপচে পড়া রোধ করতে খাল কেটে পানি কমানোর চেষ্টায় এ বন্যার সৃষ্টি হয়েছে। তবে বেইচুয়ানে বন্যা হলেও এতে ভয়াবহ পরিণতি থেকে রেহাই পাবে আশপাশের বির্স্তীণ অঞ্চল।
বিধ্বস্ত ও জনশূন্য বেইচুয়ানে কাদামাটিতে ঘোলা হৃদের পানি ক্রমাগত শহরের নীচু এলাকার দিকে ধেয়ে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে উপড়ানো গাছপালা, ভাঙ্গাচোরা জিনিসপত্র পানিতে ভেসে ভেসে দালানকোঠায় বাড়ি খেয়ে একদিক থেকে আরেকদিকে যাচ্ছে। বন্যার পানি ঢুকে যাচ্ছে বিধ্বস্ত বাড়িঘরের ভেতরে। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়া মানুষের ব্যবহার্য্য ও মূল্যবান সহায় সম্পদও তলিয়ে যাচ্ছে হৃদের পানির তোড়ে।
চীনে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রলয়ঙ্করী ভূমিকম্পে সৃষ্ট এই তাংজিয়াশান হৃদের পানি সরিয়ে নিয়ে বিপর্যয়কর উপচে পড়া রোধ করতে সেনারা মঙ্গলবার বিস্ফোরক ব্যবহার করে খাল সৃষ্টির পর বন্যার তোড়ের মতো পানি নামতে থাকে। মাত্র ঘন্টাখানেক সময়ের মধ্যেই হৃদের পানি প্রায় ২ মিটার বা ৭ ফিট কমে গেছে।
ভূমিকম্পের ফলে ভূমিধসে নদীর গতিপথ বন্ধ হয়ে সৃষ্ট প্রায় ৩০টি হৃদের মধ্যে সবচেয়ে বড় ও বিপজ্জনক এই তাংজিয়াশান হৃদটি। এর কারণে বেইচুয়ানসহ আশপাশের প্রায় ২,৫০,০০০ মানুষকে তাদের আবাসস্থল থেকে সরিয়ে নিতে হয়েছে। কারণ, ক্রমাগত বাড়তে থাকা পানির চাপে যে কোনো মুহূর্তে কাদামাটি আর পাথরের বাঁধ ধসে যাওয়ার আশঙ্কা ছিল।
এ বন্যা বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের মনে নতুন করে বেদনা সঞ্চার করেছে। কেননা এতে করে বাড়িঘরের নীচে চাপা পড়া তাদের অর্থকড়ি আর মূল্যবান জিনিসপত্র ফিরে পাওয়ার আশা চিরতরেই শেষ হয়ে গেল।
গত ১২ মে'র ওই ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে প্রায় ৮৭,০০০ মানুষ নিহত কিংবা নিখোঁজ হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪১৫ ঘ.
bdnews24