কুয়ালালামপুর, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে জনরোষ সামলানোর চেষ্টায় সোমবার সরকারের মন্ত্রীদের বরাদ্দ অর্থ ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাওয়ি।
আবদুল্লাহ আরও বলেছেন, অর্থবরাদ্দ কমানোর পাশাপাশি মন্ত্রীদের বিদেশ ভ্রমণের ছুটিও কমানো হবে। সেইসঙ্গে খরচ বাঁচাতে পিছিয়ে দেওয়া হবে বড় বড় প্রজেক্টের কাজ।
সাংবাদিকদের তিনি বলেন, একযোগে এ সমস্ত পদক্ষেপ নেওয়া হলে বাঁচবে ২ বিলিয়ন রিঙ্গিত (৬১৩ মিলিয়ন ডলার)। জ্বালানির উচ্চমূল্যের
ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠার উপায় নিয়ে আয়োজিত এক বৈঠকের পর বাদাওয়ি একথা বলেন।
তিনি বলেন, "সরকার জনগণের দুর্ভোগ উপলব্ধি করতে পারে এবং শীর্ষ নেতৃবৃন্দের উচিত এই চ্যালেঞ্জ মোকাবেলায় দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নেতৃত্ব দেওয়া। যেমন: প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের বিনোদোনের জন্য বরাদ্দ অর্থ ১০ শতাংশ কমোনো।"
ভারত, ইন্দোনেশিয়া, তাইওয়ান এবং শ্রীলংকার মতো মালয়েশিয়াতেও জ্বালানির মূল্য বাড়ায় জনগণ ক্ষুব্ধ হয়েছে এবং বিরোধীদলগুলো বিক্ষোভ করছে।
আবদুল্লাহ বলেছেন, জ্বালানির দাম বাড়ানোটা কঠিন সিদ্ধান্ত। কিন্তু এ ছাড়া আর কোনও উপায় নেই।
বিশ্বে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পেট্রোলের দাম ৪১ শতাংশ এবং ডিজেলের দাম ৬৩ শতাংশ বেড়ে গেছে। এতে করে এ বছর মুদ্রাস্ফীতি ১০ বছরের মধ্যে ৪ দশমিক ২ শতাংশ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৭ঘ.
bdnews24