জাকার্তা, ৯ জুন , (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনোকে ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে পরীক্ষার মুখে ফেলেছে ছোট্ট একটি ইসলামিক জঙ্গি দল 'ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্ট' (এফপিআই)। এই দলটিকে দমনে বামবাংয়ের ব্যর্থতা ২০০৯ সালে তার পুনর্নির্বাচনের সম্ভাবনা নস্যাৎ করছে।
ইন্দোনেশিয়ায় সরাসরি ভোটে নির্বাচিত সংস্কারমনা প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনোর প্রতি জনসমর্থন এখনও তুঙ্গে। ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য তিনি এখনও পছন্দনীয় প্রার্থী।
কিন্তু সহিংস তৎপরতা চালানো ইসলামিক দল এফপিআইকে দমন করতে বামবাংয়ের ব্যর্থতার কারণে তিনি আগামী বছরের নির্বাচনে মধ্যপন্থী ভোটারদের ভোট হারাতে পারেন। ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক প্রেসিডেন্ট মেঘবর্তী সুকর্ণপুত্রীর কাছে একরকম নিশ্চিত জয়ও তার হাতছাড়া হয়ে যেতে পারে।
এফপিআই কে দমনে বামবাংয়ের উদাসীনতায় সাধারন ইন্দোনেশীয়রা ইতোমধ্যেই হতাশ। মুসলমানদের রোজার মাসে এফপিআই এক শান্তিপূর্ণ সমাবেশে নারী ও বৃদ্ধদের ওপর চড়াও হয়েছিল। নারী ও বৃদ্ধ প্রহারের ঘটনাটি নিয়ে ইন্দোনেশিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
এফপিআই এর এরকম আরও বেশ কিছু সহিংস তৎপরতার পরও তাদেরকে থামানোয় পুলিশী তৎপরতা ততটা দেখা যায়নি।
ইন্দোনেশিয়ার অনেকেই বলছেন, সরকার ওই কট্টরপন্থী দলের কর্মকাণ্ড দেখেও না দেখার ভান করে আছে।
এফপিআই সম্পর্কে পশ্চিম জাভা থেকে সুবিয়াকতো নামের একজন দৈনিক জাকার্তা পোস্টকে লিখেছেন, "এফপিঅই সংগঠিত অপরাধ চক্রে পরিণত হচ্ছে। একে থামাতে হবে। নাহলে আগামী বছর আপনি (বামবাং) আমার ভোট পাবেন না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৯ ঘ.
bdnews24