টোকিও, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জীবনের ওপর বিতৃষ্ণ হয়ে শনিবার জাপানের আকিহাবার এলাকায় ছুরিকাঘাতে সাত পথচারীকে হত্যা করেছে এক ব্যক্তি। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশকে এমন কথাই বলেছে সে। কিয়োদো সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
ডিসকাউন্টে ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রির জন্য পরিচিত আকিহাবারা এলকায় একটি ভাড়া করা ট্রাক নিয়ে হাজির হয় হত্যাকারী। এরপর সে ছুরি নিয়ে ট্রাক থেকে পথচারীদের ভিড়ের মধ্যে নেমে পড়ে নির্বিচারে মানুষকে আঘাত করতে থাকে। এতে সাতজন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়।
কিয়োদো জানিয়েছে, পুলিশের হাতে ধরা পড়ার পর ওই ব্যক্তি বলেন, "আমি আকিহাবারায় এসেছি মানুষ হত্যা করতে। দুনিয়ার ওপর আমার বিতৃষ্ণা জন্মে গেছে। সবাই ভাল আছে, কেবল আমিই একা হয়ে গেছি।"
১৯ বছর বয়স্ক এক প্রত্যক্ষদর্শী কিয়োদোকে বলেন, "একজন পথচারীকে গাড়ি দিয়ে আঘাত করে ফেলে দিয়ে হত্যাকারী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর তাকে নির্বিচারে ছুরি দিয়ে আঘাত করতে থাকে।"
ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, "লোকটি আকিহাবারা স্টেশনে সামনে যাকেই পেয়েছে, তাকেই ছুরিকাঘাত করেছে।"
সংবাদ সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক পুলিশ বন্দুক নিয়ে হত্যাকারীকে থামানোর পর এই হত্যাযজ্ঞ বন্ধ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪৫ ঘ.
bdnews24