২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের ক্ষমতা কমাতে বদ্ধপরিকর ক্ষমতাসীন জোট

প্রেসিডেন্ট মুশাররফ পছন্দ করুন বা না করুন পার্লামেন্টের ক্ষমতা বাড়িয়ে প্রেসিডেন্ট মুশাররফের ক্ষমতা কমাতে বদ্ধপরিকর পাকিস্তানের পিপিপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। কিন্তু চারদিক থেকে পদত্যাগের বিষয়ে একের পর এক চাপ আসতে থাকলেও মুশাররফ শনিবার বলেছেন, পদত্যাগ বা নির্বাসনে যাওয়ার কোনও ইচ্ছা তার নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 10:19 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ইসলামাবাদ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট মুশাররফ পছন্দ করুন বা না করুন পার্লামেন্টের ক্ষমতা বাড়িয়ে প্রেসিডেন্ট মুশাররফের ক্ষমতা কমাতে বদ্ধপরিকর পাকিস্তানের পিপিপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। কিন্তু চারদিক থেকে পদত্যাগের বিষয়ে একের পর এক চাপ আসতে থাকলেও মুশাররফ শনিবার বলেছেন, পদত্যাগ বা নির্বাসনে যাওয়ার কোনও ইচ্ছা তার নেই। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) বলেছে, পার্লামেন্ট স্বার্বভৌম এবং তারা আইন প্রণয়ন করতে পারে বা সংবিধানে সংশোধনী আনতে পারে, তা মুশাররফ তা পছন্দ করুক কিংবা না করুক। তবে মুশাররফ জানিয়েছেন, ক্ষমতা হারিয়ে তিনি আলঙ্কারিক রাষ্ট্রপ্রধান থাকতে চান না। মুশাররফ বলেন, "আমি সবকিছু পর্যবেক্ষণ করছি। ক্ষমতা হারিয়ে আমি ঠুঁটো জগন্নাথ হয়ে থাকতে পারিনা।" ওদিকে এখনই পদত্যাগ করছেন না বলে জানালেও অনেকটা সুর নরম করেই মুশাররফ বলেছেন, পার্লামেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত। শনিবার সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন, তাকে ইমপিচ করার প্রস্তাব আনা হলে তার প্রতিক্রিয়া কি হবে। জবাবে মুশাররফ বলেন, "আমি পার্লামেন্টের সিদ্ধান্ত মেনে চলব। পার্লামেন্টকে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে দিন।" ফেব্র"য়ারির নির্বাচনে মুশাররফপন্থীদের পরাজয়ের সময় থেকেই আসলে তার ভাগ্য ঝুলে আছে পার্লামেন্টের হাতে। সংবিধান স্থগিত করে নভেম্বরে ৬ সপ্তাহের জরুরি অবস্থা জারির কারণে মুশাররফকে ইমপিচ করা হতে পারে এমন আশঙ্কা থেকে তিনি দায়মুক্তি চাইতে পারেন বলেও ধারণা করা হচ্ছিল। শনিবার ইসলামাবাদে সাংবাদিকদের ব্রিফিংকালে মুশাররফ বলেন, "পদত্যাগ বা দেশের বাইরে চলে যাওয়ার কোনো চিন্তাভাবনা এখন আমার নেই। ক্ষমতায় থাকা বা না থাকার বিষয়টি নির্ভর করছে পকিস্তান এবং আমার নিজের ওপর।" গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানে গুঞ্জন শোনা যাচ্ছে মুশাররফ ক্ষমতা ছেড়ে দিচ্ছেন। গত বুধবার সরকারের এক ঊর্ধ্বতন উপদেষ্টা জানান, ইমপিচমেন্টের হুমকির মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়ার আগেই সম্মানের সঙ্গে পদত্যাগ করতে চান প্রেসিডেন্ট মুশাররফ। ক্ষমতাসীন পাকিস্তান পিপলস্ পার্টি (পিপিপি) নেতৃত্বের ঘনিষ্ঠ এক সূত্র জানান, "মুশাররফ মর্যাদার সঙ্গে বিদায় নিতে প্রস্তুত।" জনপ্রিয়তাহীন একজন প্রেসিডেন্টকে সম্মানের সঙ্গে বিদায় নিতে সহযোগিতা করলে সরকারের জনসমর্থন হারানোর ভয় আছে উল্লেখ করে পিপিপির ওই সূত্র বলেছে, "মুশাররফ চেষ্টা করবেন বিদায়কে যথাসম্ভব সম্মানজনক করতে।" ১৯৯৯ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখল করেন তৎকালীন সেনা প্রধান জেনারেল পারভেজ মুশারফ। এরপর নাইন ইলেভেনের পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে যোগ দিয়ে মার্কিন মিত্রে পরিণত হন প্রেসিডেন্ট মুশাররফ। তবে মুশারফের সরে যাওয়ার ফলে পাকিস্তানের সঙ্গে মার্কিন সম্পর্কের কোনো অবনতি হওয়ার সম্ভাবনা নেই। কেননা যুক্তরাষ্ট্র পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আশফাক কিয়ানির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছে। এছাড়া মুশাররফের শুরু করা পাক-ভারত সঙ্গে শান্তি প্রক্রিয়াও তার বিদায়ে বাধাগ্রস্ত হবে না। কারণ পিপিপি নেতৃত্বাধীন বর্তমান জোট সরকার ভারতের সঙ্গে শান্তির পথেই আগাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০২ ঘ.