কাঠমান্ডু, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রবাসী তিব্বতিদের চীন-বিরোধী বিক্ষোভে শনিবার লাঠিচার্জ করেছে পুলিশ। নিষেধ অমান্য করে কয়েকশত বিক্ষোভকারী চীনা ভিসা অফিসের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয় এবং কমপক্ষে ৪৫০ জনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকশত উদ্বাস্তু, প্রবাসী তিব্বতি এবং ভিক্ষু ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন। তারা 'তিব্বতকে মুক্ত কর', 'চীন নিপাত যাক' ইত্যাদি বলে শ্লোগান দেয়। মিছিলকারীরা ভিসা অফিসের দিকে যেতে থাকলে সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে এবং পুলিশ সেখান থেকে লোকজনকে আটক করে ভ্যানে তুলে নেয় পুলিশ।
কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেসময় কমপক্ষে ৪৫০ জনকে আটক করা হয়েছে। অবশ্য শনিবার রাতের মধ্যেই তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছিল পুলিশ।
চীনে প্রলয়ঙ্করী ভূমিকম্পের পরে নেপালে নতুন করে তিব্বতিদের বিক্ষোভ শুরু হওয়ার পর এটাই একদিনে সর্বোচ্চ সংখ্যক আটকের ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩২০ ঘ.
bdnews24