২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল-সংকট সমাধানে ওপেক'কে ছাড়াই এগোতে চায় জি-এইট

তেল-সংকটের কোনো আশু সুরাহা করতে না পারলেও ওপেকের ওপর চাপ বাড়ানোর চেষ্টার চেয়ে অভ্যন্তরীণ সক্ষমতা এবং নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে বিষয়টিকে মোকাবেলা করতে চাইছেন জি-এইটসহ অন্যান্য শীর্ষ ভোক্তা দেশগুলোর জ্বালানিমন্ত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 06:55 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

আয়োমোরি, জাপান, ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তেল-সংকটের কোনো আশু সুরাহা করতে না পারলেও ওপেকের ওপর চাপ বাড়ানোর চেষ্টার চেয়ে অভ্যন্তরীণ সক্ষমতা এবং নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে বিষয়টিকে মোকাবেলা করতে চাইছেন জি-এইটসহ অন্যান্য শীর্ষ ভোক্তা দেশগুলোর জ্বালানিমন্ত্রীরা। জাপানের আয়োমোরিতে রোববার চূড়ান্ত বৈঠকের আগে প্রকাশিত ১১ জাতির এক সমঝোতায় এমন আভাসই দিয়েছেন তারা। এর আগে শনিবার এক বৈঠকের পর পাঁচ শীর্ষ জ্বালানি-ভোক্তা দেশ -- যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ভারত ও দক্ষিণ কোরিয়া উত্তোলক দেশগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানায়। কিন্তু জ্বালানি বাজারের উর্ধ্বগতির লাগাম টানতে নতুন কোনো সমাধানের প্রস্তাব করতে পারেনি তারা। একইসঙ্গে যার যার দেশে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে ভর্তুকি দেওয়ার প্রশ্নেও একমত হতে পারেনি দেশগুলো। উত্তর জাপানের আয়োমোরিতে রোববার জি-৮ এবং তিন জাতির সম্মিলিত বৈঠকের আগে যুক্তরাষ্ট্র, জাপান এবং জি-৮ বহির্ভূত তিন দেশ- চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দুদিনব্যাপী বৈঠকের প্রথমদিনে এই পাঁচ শীর্ষ ভোক্তা দেশের জ্বালানি মন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন। এই দেশ পাঁচটি একত্রে সারা বিশ্বের উত্তোলিত তেলের প্রায় অর্ধেক ভোগ করে থাকে। বিশ্ববাজারে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লার দামের লাগামহীন উর্ধ্বগতি মোকাবেলায় 'গ্র"প অফ এইট' বা জি-৮ এর জ্বালানি মন্ত্রীরা এবং চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা দুদিনব্যাপী ওই বৈঠকে অংশ নিচ্ছেন। এমন এক সময়ে শীর্ষ জ্বালানিমন্ত্রীরা এ বৈঠক করছেন যার ঠিক আগেরদিনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম একদিনে সর্বোচ্চ ৯ শতাংশ বেড়ে ১৩৯ মার্কিন ডলারের রেকর্ড ছুঁেয়ছে। এর মধ্য দিয়ে এ বছরে তেলের দাম মোট ৪৪ শতাংশ বাড়ল। এ বৈঠক থেকে তারা তেলের যোগানাদাতা ও উত্তোলক দেশগুলোকে এ বার্তা দিতে পারেন যে, দীর্ঘমেয়াদে তেলের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত মজুদ তাদের রয়েছে। যাতে করে তেলের বাজারে এ ভাবনা শুরু হয় যে, অদূর ভবিষ্যতে বিশ্বব্যাপী তেল উত্তোলন অনেক বেড়ে যেতে পারে। শীর্ষ ভোক্তা দেশগুলো বিগত দিনগুলোতে তেল উত্তোলক দেশগুলোর সংস্থা ওপেক-কে বারবার উত্তোলন বাড়ানোর কথা বলে আসলেও বাজারে যথেষ্ট যোগান রয়েছে বলে দাবি করে অশোধিত তেলের উত্তোলন নতুন করে বাড়ায়নি। তবে ওপেক জানিয়েছে যে, বাজারে চাহিদার নিশ্চয়তা থাকলে তারা হয়তো আরও নতুন কূপ থেকেও তেল তুলতে পারে। এ পরিস্থিতি মোকাবেলায় ২৭টি শিল্পোন্নত দেশের জ্বালানি উপদেষ্টা সংস্থা 'ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) চীন ও ভারতকে তাদের সঙ্গে যোগ দিয়ে বিশ্বে তেলের মজুদের কৌশলগত লড়াইয়ে ভূমিকা রাখতে বলবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৪৮ ঘ.