২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বীরত্বপূর্ণ প্রচারণার' জন্য হিলারিকে ওবামার অভিনন্দন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামা এতদিনের প্রতিদ্বন্দ্বী হিলারী ক্লিনটনকে তার 'বীরত্বপূর্ণ প্রচারণার' জন্য অভিনন্দন জানালেন। শনিবার ওবামা হিলারির প্রশংসা করে বলেন, "তিনি আমার কন্যা সন্তান ও সর্বত্র নারীদের জন্য বাধার দেওয়াল গুড়িয়ে দিয়েছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 06:37 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, ৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামা এতদিনের প্রতিদ্বন্দ্বী হিলারী ক্লিনটনকে তার 'বীরত্বপূর্ণ প্রচারণার' জন্য অভিনন্দন জানালেন। শনিবার ওবামা হিলারির প্রশংসা করে বলেন, "তিনি আমার কন্যা সন্তান ও সর্বত্র নারীদের জন্য বাধার দেওয়াল গুড়িয়ে দিয়েছেন।" ওয়াশিংটনে এক সমাবেশে হিলারি দলের মনোনয়নের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর বারাক তার এ প্রশংসা করলেন। শনিবার ওয়াশিংটনের ন্যাশনাল বিল্ডিং মিউজিয়ামে সমর্থকদের বিশাল এক সমাবেশে হিলারি তার প্রার্থিতা ত্যাগের ঘোষণা করে বলেন, "ডেমোক্র্যাট দল একটি পরিবার। এখন সময় এসেছে পরিবারে নিজেদের মধ্যে আবার এক সঙ্গে কাজ করার।" নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেইনের মোকাবেলা করবেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একটি প্রধান দলের মনোনয়ন পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ বারাক ওবামা। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইতিহাস গড়ে তিনিই হবেন দেশটির প্রথম কালো প্রেসিডেন্ট। এক বিবৃতিতে ওবামা বলেছেন, হিলারির সমর্থন পেয়ে তিনি 'রোমাঞ্চিত'। দলের পক্ষে অসংখ্য মার্কিন নাগরিককে অনুপ্রাণিত করার জন্য সাবেক ফার্স্ট লেডির প্রশংসা করেন তিনি। ওবামা আরো বলেছেন, হিলারির কারণেই তিনি নিজে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পেরেছেন। বিবৃতিতে বারাক ওবামা বলেছেন, "আমেরিকা ও তার জনগণের জন্য একটি পরিবর্তন যে কতোটা প্রয়োজন তা সিনেটর হিলারির চেয়ে বেশি করে আর কেউ জানে না। আমি মনে করি, এবারের শরতে এবং আগামীতেও সেই পরিবর্তনের লড়াইয়ের অগ্রভাগে থাকবেন তিনি।" হিলারির প্রচারণা দলকে 'ধন্যবাদ' বার্তা পাঠানোর জন্য সমর্থকদের আহ্বান জানানো হয়েছে ওবামার প্রচারণা ওয়েবসাইটে । শনিবারের সমাবেশে বাছাইপর্বের নির্বাচনে সমর্থন দেওয়ায় জন্য হিলারি দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। সমর্থকরা এসময় বারবার তুমুল করতালি দিয়ে হিলারির বক্তব্যেকে স্বাগত জানান। আবেগময় বক্তৃতায় হিলারি বলেন, "আপনারা আমার জন্য অনেক করেছেন, এখন সময় এসেছে সবাই মিলে ওবামার জন্য কাজ করার। আগামী জানুয়ারিতে তিনি যাতে ওভাল অফিসে যেতে পারেন সেজন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১২২৯ঘ.