আঙ্কারা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের মাথায় স্কার্ফ পড়ার ওপর থেকে সরকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে নাকচ করে দিয়ে তা পুনর্বহালে তুরস্কের সর্বোচ্চ আদালতের রায়কে শুক্রবার অসাংবিধানিক বলে দাবি করেছেন ক্ষমতাসীন একে পার্টি। ইসলামপন্থী হিসেবে পরিচিত দলটি ২০০২ সালে ক্ষমতায় আসার পর এটাই তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এর আগে বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ে স্কার্ফ পড়ার ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ওই আদেশ দেয় দেশটির সাংবিধানিক আদালত।
মাথায় স্কার্ফের ইস্যুতে দেশটির এ সর্বোচ্চ সাংবিধানক আদালতের সঙ্গে সরকারের বিরোধ তুঙ্গে উঠেছে। বৃহষ্পতিবারের এ রায়ের ফলে আশঙ্কা দেখা দিয়েছে যে ঝুলে থাকা অন্য একটি মামলায় 'ইসলামী অভ্যুত্থান চেষ্টার' অভিযোগে একে পার্টিকে নিষিদ্ধ করতে পারে আদালত। একইভাবে বর্তমান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দলীয় কর্মকান্ডে অংশ নেওয়াও নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হতে পারে।
আদালতের এ রায়ের পর একে পার্টির শীর্ষ নেতাদের ছয়ঘন্টাব্যাপী এক জরুরি বৈঠকের পর উপ প্রধান দেঙ্গির মীর মেহমেত এক সংবাদ সম্মেলনে বলেন, "সাংবিধানিক আদালতের এ রায় পার্লামেন্টের আইন প্রণয়ণের ক্ষমতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং এর ফলে তা ক্ষমতা পৃথকীকরণের সাংবিধানিক নীতির সরাসরি লঙ্ঘন।"
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৫৩ ঘ.
bdnews24