ইসলামাবাদ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইমপিচমেন্টের হুমকি স্বত্ত্বেও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। শনিবার তিনি জানিয়েছেন, খুব শিগগির পদত্যাগ বা নির্বাসনে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই।
ইসলামাবাদে সাংবাদিকদের ব্রিফিংকালে মুশাররফ বলেন, "পদত্যাগ বা দেশের বাইরে চলে যাওয়ার কোনো চিন্তাভাবনা এখন আমার নেই। ক্ষমতায় থাকা বা না থাকার বিষয়টি নির্ভর করছে পকিস্তান এবং আমার নিজের ওপর।"
গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানে গুঞ্জন শোনা যাচ্ছে মুশাররফ ক্ষমতা ছেড়ে দিচ্ছেন। গত বুধবার সরকারের এক ঊর্ধ্বতন উপদেষ্টা জানান, ইমপিচমেন্টের হুমকির মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়ার আগেই সম্মানের সঙ্গে পদত্যাগ করতে চান প্রেসিডেন্ট মুশাররফ।
ক্ষমতাসীন পাকিস্তান পিপলস্ পার্টি (পিপিপি) নেতৃত্বের ঘনিষ্ঠ এক সূত্র জানান, "মুশাররফ মর্যাদার সঙ্গে বিদায় নিতে প্রস্তুত।"
জনপ্রিয়তাহীন একজন প্রেসিডেন্টকে সম্মানের সঙ্গে বিদায় নিতে সহযোগিতা করলে সরকারের জনসমর্থন হারানোর ভয় আছে উল্লেখ করে পিপিপির ওই সূত্র বলেছে, "মুশাররফ চেষ্টা করবেন বিদায়কে যথাসম্ভব সম্মানজনক করতে।"
মুশাররফ সরে না দাড়ালেও সংবিধান পরিবর্তন করে তার ক্ষমতা কমানোর চিন্তাভাবনা করছে সরকার। তবে তিনি জানিয়েছেন, ক্ষমতা হারিয়ে তিনি রাষ্ট্রের আলঙ্কারিকভাবে রাষ্ট্রপ্রধান থাকতে চান না।
মুশাররফ বলেন, "আমি সব কিছু পর্যবেক্ষণ করছি। ক্ষমতা হারিয়ে আমি ঠুটো জগন্নাথ হয়ে থাকতে পারিনা।"
১৯৯৯ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখল করেন তৎকালীন সেনা প্রধান জেনারেল পারভেজ মুশারফ। এরপর নাইন ইলেভেনের পরিবর্তিত বিশ্ব পেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে যোগ দিয়ে মার্কিন মিত্রে পরিণত হন প্রেসিডেন্ট মুশাররফ।
তবে মুশারফের সরে যাওয়ার ফলে পাকিস্তানের সঙ্গে মার্কিন সম্পর্কের কোনো অবনতি হওয়ার সম্ভাবনা নেই। কেননা যুক্তরাষ্ট্রের পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আশফাক কিয়ানির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছে।
এছাড়া মুশাররফের শুরু করা ভারতের সঙ্গে শান্তি প্রক্রিয়াও তার বিদায়ে বাধাগ্রস্ত হবে না। কারণ পিপিপি নেতৃত্বাধীন বর্তমান জোট সরকার ভারতের সঙ্গে শান্তির পথেই আগাচ্ছে।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবসহ মিত্রদেশগুলো পাকিস্তানকে একটি বেসামরিক গণতন্ত্রের পথে উত্তরণের জন্য চাপ দিয়ে আসছে। যাতে করে পাকিস্তানের পরমাণু অস্ত্র বিপজ্জনক হয়ে উঠতে না পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৪৫ ঘ.
bdnews24