আয়োমোরি, জাপান, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাঁচ শীর্ষ জ্বালানি-ভোক্তা দেশ -- যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ভারত ও দক্ষিণ কোরিয়া শনিবার উত্তোলক দেশগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে। কিন্তু জ্বালানি বাজারের উর্ধ্বগতির লাগাম টানতে নতুন কোনো সমাধানের প্রস্তাব করতে পারেনি তারা। একইসঙ্গে যার যার দেশে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে ভর্তুকি দেওয়ার প্রশ্নেও একমত হতে পারেনি দেশগুলো।
উত্তর জাপানের আয়োমোরিতে রোববার জি-৮ এবং তিন জাতির সম্মিলিত বৈঠকের আগে যুক্তরাষ্ট্র, জাপান এবং জি-৮ বহির্ভূত তিন দেশ- চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
দুদিনব্যাপী বৈঠকের প্রথমদিনে এই পাঁচ শীর্ষ ভোক্তা দেশের জ্বালানি মন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন। এই দেশ পাঁচটি একত্রে সারা বিশ্বের উত্তোলিত তেলের প্রায় অর্ধেক ভোগ করে থাকে।
বিশ্ববাজারে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লার দামের লাগামহীন উর্ধ্বগতি মোকাবেলায় 'গ্র"প অফ এইট' বা জি-৮ এর জ্বালানি মন্ত্রীরা এবং চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা দুদিনব্যাপী এ বৈঠকে অংশ নিচ্ছেন। তেলের বাজার নিয়ন্ত্রণ এবং জ্বালানিমূল্য বৃদ্ধির কারণে নিজ নিজ দেশে জনগণের অসন্তোষ মোকাবেলার পথ খুঁজতে আলোচনা করবেন তারা।
শনিবার এমন এক সময়ে শীর্ষ জ্বালানিমন্ত্রীরা এ বৈঠকে বসছেন যার ঠিক আগেরদিনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম একদিনে সর্বোচ্চ ৯ শতাংশ বেড়ে ১৩৯ মার্কিন ডলারের রেকর্ড ছুঁেয়ছে। এর মধ্য দিয়ে এ বছরে তেলের দাম মোট ৪৪ শতাংশ বাড়ল।
এ বৈঠক থেকে তারা তেলের যোগানাদাতা ও উত্তোলক দেশগুলোকে এ বার্তা দিতে পারেন যে, দীর্ঘমেয়াদে তেলের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত মজুদ তাদের রয়েছে। যাতে করে তেলের বাজারে এ ভাবনা শুরু হয় যে, অদূর ভবিষ্যতে বিশ্বব্যাপী তেল উত্তোলন অনেক বেড়ে যেতে পারে।
শীর্ষ ভোক্তা দেশগুলো বিগত দিনগুলোতে তেল উত্তোলক দেশগুলোর সংস্থা ওপেক-কে বারবার উত্তোলন বাড়ানোর কথা বলে আসলেও বাজারে যথেষ্ট যোগান রয়েছে বলে দাবি করে অশোধিত তেলের উত্তোলন নতুন করে বাড়ায়নি। তবে ওপেক জানিয়েছে যে, বাজারে চাহিদার নিশ্চয়তা থাকলে তারা হয়তো আরও নতুন কূপ থেকেও তেল তুলতে পারে।
এ পরিস্থিতি মোকাবেলায় ২৭টি শিল্পোন্নত দেশের জ্বালানি উপদেষ্টা সংস্থা 'ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) চীন ও ভারতকে তাদের সঙ্গে যোগ দিয়ে বিশ্বে তেলের মজুদের কৌশলগত লড়াইয়ে ভূমিকা রাখতে বলবে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৪৫ ঘ.
bdnews24