ওয়াশিংটন, ৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দুদশকের মধ্যে গত মে মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বেড়েছে সবচে দ্রুতগতিতে। মে মাসে যুক্তরাষ্ট্রে কর্মহীনের সংখ্যা ৫ শতাংশ থেকে আকস্মিকভাবে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫ শতাংশে। বেকারত্বের এই হার বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির এই দেশটিতে মন্দার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
মার্কিন শ্রম অধিদপ্তর শুক্রবার জানিয়েছে, টানা পাঁচ মাসের মত গত মে মাসে প্রায় ৪৯ হাজার মানুষ চাকরি হারিয়েছে। মে মাসে সব মিলিয়ে বেকারের সংখ্যা দাড়িয়েছে তিন লাখ ২৪ হাজার।
বেকারের সংখ্যা এবং প্রতিমাসে যত চাকরি চলে যাচ্ছে তার ওপর নির্ভর করে ভিন্ন ভিন্ন জরিপের মাধ্যমে বেকারত্বের এই নির্ধারণ করা হয়েছে।
নিউ ইয়র্কে দুসে ব্যাংক প্রাইভেট ওলেথ ম্যানেজমেন্টের কর্মকর্তা ওয়েন ফিটজপ্যার্টিক বলেন, " বেকারত্বের এই হার থেকে এটা পরিষ্কার যে, মার্কিন অর্থনীতি নিন্মগামী।"
বেকারত্বের হার বৃদ্ধি মার্কিন অর্থনীতিকে আরও নিন্মগামী করে তুলেছে। এর ফলে ট্রেজারি বন্ডের দাম বেড়েছে। আন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম কমেছে।
তবে এ থেকে এটাও বোঝা যাচ্ছে যে, আগের তুলনায় আরও বেশি মানুষ শ্রম বাজারে প্রবেশ করছে। তবে জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে লাভের পরিমাণ কমে যাওয়ায় কোম্পানিগুলো অতিরিক্ত লোক নিয়োগ দিতে উৎসাহী নয়।
ব্যাংক অব আমেরিকার বিশ্লেষক গিলিস মোয়েক জানিয়েছেন, এই অবস্থায় অর্থনৈতিক মন্দা রোধ করতে হলে মূদ্রাস্ফীতিকে অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে।
তবে উদ্বেগের বিষয় হলো শ্রমবাজারের এই দুর্বল অবস্থানের কারণে ভোক্তারা ব্যয় কমিয়ে দেবে। ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মুনাফাও হ্রাস পাবে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি ঠিক রাখতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, জীবনযাপনের ব্যয় বৃদ্ধির কারণে সুদের হার কমানোও কোনো কাজে আসছে না। এটাই এখন কেন্দ্রীয় ব্যাংক প্রধানের উদ্বেগের বিষয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১১২ ঘ.
bdnews24