গুয়েন্তানামে বে মার্কিন নৌঘাঁটি, কিউবা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ১১ সেপ্টেম্বরের হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদ জানিয়েছেন, আদালত তাকে মৃত্যুদণ্ড দিলে তিনি সেই রায়কে স্বাগত জানাবেন। গত বৃহস্পতিবার তাকে মার্কিন সামরিক আদালতে হাজির করা হলে তিনি একথা বলেন।
কিউবার গুয়ান্তানামো মার্কিন সামরিক আদালতে পাকিস্তানি নাগরিক খালিদ শেখ বলেন, "আমি শহীদ হতে চাই এজন্য মৃত্যুদণ্ডকে স্বাগত জানাব।" মার্কিন বাহিনীর হাতে বন্দি তিনিই আল কায়েদার সবচেয়ে উচ্চ পর্যায়ের কর্মী।
৯/১১ হামলায় অভিযুক্ত খালিদ শেখসহ আরও চার পরিকল্পনাকারীকে বৃস্পতিবার গুয়ান্তানামের সামরিক আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাদের মৃত্যুদণ্ড হতে পারে।
নিজের পক্ষে নিযুক্ত মার্কিন সামরিক আইনজীবীর বিষয়ে কোনো আপত্তি আছে কিনা আদালত জানতে চাইলে খালিদ শেখ দাঁড়িয়ে আরবীতে গান গাইতে শুরু করেন। একই সঙ্গে তিনি নিজেই আবার তার ইংরেজি অনুবাদ করে শোনান।
তিনি বলেন, "আমার ত্রাণকর্তা সর্বশক্তিমান আল্লাহ।" ধর্মমতে তিনি যুক্তরাষ্ট্রের নিযুক্ত আইনজীবী মেনে নিতে পারেন না জানিয়ে খালিদ শেখ বলেন, "আমি নিজেই আমার আইনজীবীর দায়িত্ব পালন করব।"
আফগানিস্তান ও ইরাকে মার্কিন যুদ্ধের সমালোচনা করে তিনি একে ধর্মযুদ্ধ বলে অভিহিত করেন। একইসঙ্গে সমকামী বিয়ের বৈধতা দেওয়া মার্কিনি আইনকে তিনি 'শয়তানের আইন' বলে উল্লেখ করেন।
আদালতে লম্বা দাড়ি-গোঁফসহ খালিদ শেখকে ৪৩ বছরের চেয়েও অনেক বেশি বয়স্ক দেখাচ্ছিল। তার পরনে ছিল সাদা পায়জামা ও একটি গোলগলা সাদা গেঞ্জি।
খালিদ শেখকে ২০০৩ সালের মার্চে পাকিস্তান থেকে গ্রেপ্তার করা হয়।
খালিদ শেখসহ আলী আব্দুল আজিজ আলী, রামজি বিনালসিব, মোস্তফা আহমেদ আল-হাওসায়ি ও ওয়ালিদ বিন আত্তাসহ মার্কিন কারাগারে আটক পাঁচ জনের বিরুদ্ধে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ কয়েকটি স্থাপনায় বিমান হামালার ঘটনায় আল-কায়েদার সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯২৫ ঘ.
bdnews24