২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ইসরায়েলি হামলা 'অবশ্যম্ভাবী': ওলমার্ট সরকার

ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলা এড়ানোর উপায় নেই। পরমাণু বোমা তৈরির সন্দেহজনক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে ইরানে আরোপিত নিষেধাজ্ঞা দৃশ্যত ব্যর্থ হওয়ায় সেখানে ইসরায়েলের হামলা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সরকারের পরিবহণ ও প্রতিরক্ষমন্ত্রী শুক্রবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

জেরুজালেম, ৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলা এড়ানোর উপায় নেই। পরমাণু বোমা তৈরির সন্দেহজনক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে ইরানে আরোপিত নিষেধাজ্ঞা দৃশ্যত ব্যর্থ হওয়ায় সেখানে ইসরায়েলের হামলা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সরকারের পরিবহণ ও প্রতিরক্ষমন্ত্রী শুক্রবার একথা বলেছেন। পরিবহণমন্ত্রী শাউল মোফাজ ইসরায়েলের বহুল প্রচারিত ইয়েদিয়ত আহরনত পত্রিকায় বলেন, "ইরান পারমাণবিক অস্ত্র তৈরি কর্মসূচি চালিয়ে যেতে থাকলে আমরা তাদেরকে আক্রমণ করব। কারণ, নিষেধাজ্ঞা অচল।" অন্যদিকে, ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী বলেন, "ইরানের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা ঠেকাতে সেখানে হামলা অবশ্যম্ভাবী।" ওলমার্ট সরকারের কোনও সদস্যের কাছ থেকে ইরানের বিরুদ্ধে এটিই সবচেয়ে প্রকাশ্য হুমকি। এর মধ্য দিয়ে বুশ প্রশাসনের মতো ইসরায়েলও নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাকে অকার্যকর ধরে নিয়ে শেষ পন্থা হিসাবে ইরানে শক্তি ব্যবহার করাটাকেই পছন্দের তালিকায় রাখার ইঙ্গিত দিল। ইরান তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ব্যবহৃত হচ্ছে বলে দাবি করে আসছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিহারের ব্যাপারে পশ্চিমা চাপের কাছে মাথা নত না করার অঙ্গীকার করেছে। তেহরান কর্তৃপক্ষ ইসরায়েলকেও সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছে। ইসরায়েল মধ্যপ্রাচ্যে একমাত্র পরমাণু অস্ত্রাগার বলে মনে ধারণা করা হয়। শাউল মোফাজ এক সাক্ষাৎকারে এও বলেন, "ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার কথা বলেছেন। কিন্তু তার আগে তিনিই উধাও হয়ে যাবেন।" ঘুষ কেলেঙ্কারিতে বিতর্কিত হয়ে পড়া প্রধানমন্ত্রী ওলমার্টের পদত্যাগ এবং তার পরবর্তী পদক্ষেপ নিয়ে কাদিমা পার্টির ঊর্ধ্বতন সদস্যদের প্রস্তুতিলগ্নে মোফাজ ওই মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪১ঘ.