হারারে, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য ত্রাণসংস্থাগুলোর কার্যক্রম স্থগিত করেছে। এছাড়াও, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে আহতদের দেখতে যাওয়া একদল মার্কিন ও ব্রিটিশ কূটনীতিককে বেশ কয়েক ঘন্টা আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্র ৭ জন কূটনীতিক আটকের ঘটনার জন্য প্রেসিডেন্ট রবার্ট মুগাবে সরকারকে দোষারোপ করেছে। ওয়াশিংটন অভিযোগ করেছে, ২৭ জুন দ্বিতীয় দফা নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলীয় নেতা মরগান স্যাঙ্গেরাইয়ের সমর্থকদের ভীত সন্ত্রস্ত করতেই মুগাবে এ কাজ করছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎজ্জা রাইস বলেন, "কূটনীতিকদের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত নির্মম।"
এর এক সপ্তাহ আগে মুগাবে সরকার ২৯ মার্চের নির্বাচনে বিরোধী দল এমডিসি'র পক্ষে প্রচারাভিযান চালানোর অভিযোগে মুগাবে'র সরকার বেশ কয়েকটি সাহায্য সংস্থার খাদ্য বিতরণ কাজ বন্ধ করে দেয়।
জিম্বাবুয়ে নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস ম্যাকগি জানান, পুলিশ রাস্তা আটকে রেখে কূটনীতিকদের গাড়ি থামায় এবং চাকা পাংচার করে দেয়। এছাড়াও তিনি জানান, পুলিশের সঙ্গে পাশ্ববর্তী ফাঁড়িতে না গেলে তাদের গাড়িতে আগুন দেওয়া হবে বলে মুগাবের সমর্থকরা কূটনীতিকদের হুমকি দেয়।
কেপ টাউন থেকে যুক্তরাষ্ট্রের আফ্রিকা বিষয়ক শীর্ষ কূটনীতিক জেন্দায়ি ফ্রেজার বলেন, "এটি আমাদের ভয় দেখানোর চেষ্টা, যেন আমার বাইরে গ্রামাঞ্চলে না যাই, আর তারা নাগরিক এবং এমডিসি'র সমর্থকদের পেটাতে পারে।"
জিম্বাবুয়ে সরকার কূটনীতিকদের বিরুদ্ধে স্যাঙ্গেরাইয়ের পক্ষে লিফলেট বিতরণের অভিযোগ করেছে।
আর সাহায্য সংস্থাগুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয়েছে।
জিম্বাবুয়ের শ্রম, সমাজকল্যাণ, ও জনসেবামন্ত্রী নিকোলাস গোচে সাহায্য সংস্থাগুলো সম্পর্কে বলেন, "বেশ কয়েকটি সংস্থা যারা মানবিক কর্মসূচি পরিচালনা করে তারা তালিকাভূক্তিকরণের শর্ত ভঙ্গ করছে.....। একইসঙ্গে তিনি বলেন, "আমি ওপর থেকে নির্দেশ পেয়েছি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যক্তি মালিকানাধীন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে মাঠ পর্যায়ের সব কার্যক্রম বন্ধ রাখতে হবে।"
তবে রয়টার্স থেকে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৫৯ ঘ.
bdnews24