বার্লিন, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপের উপযোগী নতুন নিরাপত্তা চুক্তি চান রাশিয়ার নতুন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। জার্মানি সফররত মেদভেদেভ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
বার্লিনে জার্মানির শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের এক সমাবেশে মেদভেদেভ বলেন, "জাতিসংঘ সনদের ভিত্তিতে ইউরোপের জন্য এমন নিরাপত্তা চুক্তি প্রয়োজন যা এই অঞ্চলে শক্তির ভারসাম্য রক্ষা করবে।"
গত মাসে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথম ইউরোপ সফরে গেছেন মেদভেদেভ। পুতিন যুগের অবসানের পর পশ্চিম ইউরোপ বিষয়ে রাশিয়ার কূটনীতিতে কোনো পরিবর্তন আসছে কিনা তা জানার জন্য মেদভেদেভের এই সফরকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মেদভেদেভ বলেন, "রাশিয়া তার প্রাকৃতিক, অর্থনৈতিক ও মানব সম্পদসহ বিশাল এক সম্ভাবনা নিয়ে বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে ফিরে আসছে।"
তিনি আরও বলেন, "আজ অনেকেই জানতে চেয়েছেন, রাশিয়ার কাছ থেকে কী ধরণের কূটনীতি প্রত্যাশা করা যায়। আমি বলব, বর্তমান বিশ্বে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ব্যাপারে রাশিয়া কোনো বিসৃঙ্খলা চায় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩১২ ঘ.
bdnews24