২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে মার্কিন ও ব্রিটিশ কূটনীতিকদের ওপর হামলা

জিম্বাবুয়ের পুলিশ বৃহস্পতিবার মার্কিন ও ব্রিটিশ কূটনীতিকদের আটক করে কয়েক ঘণ্টা পর আবার ছেড়ে দিয়েছে। এ সময় পুলিশ কূটনীতিকদের গাড়ির টায়ার ফাঁটিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে জিম্বাবুয়ের মার্কিন দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

হারারে, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের পুলিশ বৃহস্পতিবার মার্কিন ও ব্রিটিশ কূটনীতিকদের আটক করে কয়েক ঘণ্টা পর আবার ছেড়ে দিয়েছে। এ সময় পুলিশ কূটনীতিকদের গাড়ির টায়ার ফাঁটিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে জিম্বাবুয়ের মার্কিন দূতাবাস। রাজধানী হারারে থেকে ৮০ কিলোমিটার উত্তরে বিন্দুরা এলাকায় কূটনীতিকদের ওপর এই হামলা হয়। ব্রিটিশ ও মার্কিন কূটনীতিকরা এ সময় রাজনৈতিক সহিংসতার শিকার বিরোধী নেতাকর্মীদের দেখতে যাচ্ছিলেন। মার্কিন রাষ্ট্রদূত জেমস ম্যাকগি এই হামলার জন্য মুগাবে সরকারকে দায়ী করেছেন। মার্কিন ও ব্রিটিশ সরকার অভিযোগ করছে, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সরকার বিরোধী নেতা মর্গান স্যাঙ্গেরাইয়ের কর্মী সমর্থকদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য সহিংসতার সৃষ্টি করছে। জিম্বাবুয়ে ব্রিটিনের সাবেক উপনিবেশ। মার্কিন রাষ্ট্রদূত জেমস ম্যাকগি বলেন, "পুলিশ রাস্তা বন্ধ করে কূটনীতিকদের গাড়ি থামিয়ে দেয়। এরপর তারা গাড়ির টায়ার ফুটা করে দেয়। তারা গাড়ির মধ্যে ঢুকে কর্মকর্তাদের ফোন কেড়ে নেয়।" তিনি আরও বলেন, "কূটনীতিকরা ওই স্থান ত্যাগ না করলে তাদের গাড়ির মধ্যে ঢুকিয়ে গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেয় পুলিশ। এরপর পুলিশ তাদের পাহারা দিয়ে কাছাকাছি একটি স্টেশনে পৌঁছে দেয়।" রাষ্ট্রদূত ম্যাকগি আরও বলেন, "আমরা মনে করি উপরের নির্দেশেই পুলিশ এ কাজ করেছে।" জিম্বাবুয়েতে গত ২৯ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেতা মর্গান স্যাঙ্গেরাই বিজয়ী হন। কিন্তু তিনি সংখ্যাগরিষ্ঠ ভোট না পাওয়া দ্বিতীয় দফায় নির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) অভিযোগ করেছে, প্রথম দফা নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতায় তাদের কমপক্ষে ৬৫ কর্মী-সমর্থক নিহত হয়েছে। অধিকাংশ হামলা মুগাবের জানু-পিএফ পার্টির লোকজন করেছে বলে অভিযোগ করেছে বিরোধীদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৫০ ঘ.