কোলকাতা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারতের বামদল শাসিত তিনটি রাজ্যে বৃহস্পতিবার ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘট চলাকালে রাজ্য তিনটির যান চলাচল, ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল কলেজ বন্ধ ছিল।
ভারতের কেন্দ্রীয় জোট সরকারের শরিক কমিউনিস্টপন্থি দলগুলো পশ্চিম বাংলা, কেরালা ও ত্রিপুরায় এই ধর্মঘটের ডাক দেয়। তবে ধর্মঘটকে সমর্থনের পাশাপাশি অনেক সাধারণ মানুষকে এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
ভারতের কেন্দ্রীয় সরকার গত বুধবার ডিজেল ও পেট্রোলের দাম প্রায় দশ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বামপন্থি দলগুলো সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দেয়।
বামপন্থি দলগুলো জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি থেকে ভোক্তাদের রক্ষা করতে সরকার অন্য কিছু করতে পারত। ভর্তুকির পরিমাণ বাড়াতে পারত।
তবে স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং যাতায়াতে অসুবিধা হওয়ায় সাধারণ মানুষ সেভাবে ধর্মঘটকে সমর্থন করেনি।
কলকাতা বিমান বন্দরে এক আত্মীয়কে বিদায় জানাতে আসা মনিষা মুখার্জি বলেন, "আমি এই ধর্মঘট সমর্থন করি না। রাজনীতিবিদরাই এই ধর্মঘট ডেকেছে। এতে সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে না।"
তবে রিকশচালক আনোয়ার আলী বললেন ভিন্ন কথা, "সরকার আমাদের মত খেটে খাওয়া মানুষের কথা ভাবে না। আজ তারা ডিজেল-পেট্রোলের দাম বাড়াচ্ছে, কাল অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম বাড়াবে। এ নিয়ে দুর্ভোভ আমাদেরই পোহাতে হবে।"
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কোলকাতায় বামপন্থিকর্মীরা দলের লাল পতাকা উড়িয়ে ট্রেন-বাস থামিয়ে দিয়েছে। তারা মানুষকে জোর করে ক্যাব থেকে নামিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৪০ ঘ.
bdnews24