২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান প্রশ্নে কঠোর কূটনীতি, জেরুজালেম প্রশ্নে ইসরায়েলকে সমর্থন ওবামার

ইরানের সঙ্গে কূটনীতির পরিভাষা কঠোর করেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামা। একইসঙ্গে জেরুজালেমের মর্যাদা প্রশ্নে ইসরায়েলকে সমর্থন করেছেন তিনি। প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট দলের মনোনয়ন জয় দাবির পর পররাষ্ট্রনীতি নিয়ে প্রথম ভাষণে বুধবার ওবামা তার এই অবস্থান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 09:53 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ওয়াশিংটন, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের সঙ্গে কূটনীতির পরিভাষা কঠোর করেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামা। একইসঙ্গে জেরুজালেমের মর্যাদা প্রশ্নে ইসরায়েলকে সমর্থন করেছেন তিনি। প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট দলের মনোনয়ন জয় দাবির পর পররাষ্ট্রনীতি নিয়ে প্রথম ভাষণে বুধবার ওবামা তার এই অবস্থান জানান। ইসরায়েল পন্থি লবি গ্র"প 'আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি'র উদ্দেশে দেওয়া ভাষণে ইলিনয়ের সিনেটর ওবামা ইরানকে পরমাণুু অস্ত্র তৈরি বন্ধ করানোর অঙ্গীকার করেছেন এবং জেরুজালেমকে ইসরায়েলের অবিভক্ত রাজধানী বানানোকে সমর্থন করেছেন। ইরানের সঙ্গে নিছক মিত্রতার জন্য আলোচনা নয় বরং রাষ্ট্রনীতির ভিত্তিতেই কূটনীতি পরিচালনায় আগ্রহী ওবামা। এ প্রসঙ্গে তিনি বলেন, "প্রতিপক্ষ দেশের সঙ্গে নিছক আলোচনার জন্য বৈঠকে বসার আগ্রহ আমার নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে কঠোর নেতৃত্ব এবং যথাযথ ইরানি নেতার সঙ্গে কোনও এক সময়, কোনও স্থানে রাষ্ট্রনীতিভিত্তিক কূটনীতিই আমি পছন্দ করব।" মধ্যপ্রাচ্যে ইরানকে মারাত্মক বিপদ বলেই উল্লেখ করেন ওবামা। তিনি বলেন, "ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে নিবৃত্ত করতে আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাব। ইরানকে ঠেকাতে সব ক্ষমতাই কাজে লাগাব আমি।" ওদিকে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ার পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তার জন্য কাজ করে যাওয়ারও অঙ্গীকার করেছেন ওবামা। ইসরায়েল প্রসঙ্গে ওবামা বলেন, "বিষয়টি পরিস্কার করে বলি, ইসরায়েলের নিরাপত্তা রক্ষা করাটা পবিত্র দায়িত্ব। এটি কোনও আলোচনার বিষয় নয়। আবার ফিলিস্তিনিদেরও সহাবস্থানের ভিত্তিতে একটি সমন্বিত রাষ্ট্র দরকার যেখানে তারা সমৃদ্ধি অর্জন করবে।" ওবামা আরও বলেন, "কিন্তু ফিলিস্তিনিদের সঙ্গে যে কোনও চুক্তির ক্ষেত্রেই ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব রক্ষা হতে হবে। তাদের নিরাপদ, স্বীকৃত এবং নির্ধারিত সীমান্ত থাকতে হবে। আর জেরুজালেম অবিভক্তভাবেই ইসরায়েলের রাজধানী হতে হবে।" ইসরায়েল জেরুজালেমকে তাদের অবিভক্ত এবং একক রাজধানী বলে দাবি করে আসলেও তা এখন পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। ওদিকে, ফিলিস্তিন ১৯৬৭ সালে ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী দাবি করে আসছে। উল্লেখ্য, জেরুজালেমের মর্যাদার বিষয়টিই ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার সবচে কণ্টকাকীর্ণ ইস্যু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪০১ঘ.