ওয়াশিংটন, জুন ৪ (রয়টার্স/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- হোয়াইট হাউস জয়ের প্রতিযোগিতা ছেড়ে দিয়ে বারাক ওবামার প্রতি জোরালো সমর্থন ঘোষণার প্রতিশ্র"তি দিয়েছেন হিলারি ক্লিনটন। ওবামার সমর্থকদের সঙ্গে সমাবেশেও যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক চিঠিতে তিনি একথা জানান। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট পদে দুই প্রার্থীর ডেমোক্র্যাট দলের মনোনয়নলাভের দীর্ঘ ১৬ মাসব্যাপী শ্বাসরুদ্ধকর লড়াইয়ের ইতি টানলেন হিলারি। যে লড়াইয়ে ডেমোক্র্যাট পার্টি মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে। (আরও তথ্যসহ)
শনিবার হিলারি প্রকাশ্যে ওবামাকে সমর্থন দেবেন এবং ম্যাককেইনের বিরুদ্ধে অবস্থান শক্ত করতে বিভক্ত হয়ে পড়া দলকে আবার ঐক্যবদ্ধ করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করবেন।
সমর্থকদের উদ্দেশে এক চিঠিতে নিউ ইয়র্কের সিনেটর ও সাবেক ফার্স্ট লেডি হিলারি লেখেন, "আমি সিনেটর ওবামাকে আবারও অভিননন্দন জানাচ্ছি এবং প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য তাকে সমর্থন দিচ্ছি।" চিঠিটি বৃহস্পতিবার সকালে প্রকাশ করা হয়।
এতে হিলারি আরও লেখেন, " আমি প্রচারাভিযানে সবসময়ই বলে এসেছি যে, ওবামা ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেলে আমি তাকে জোরালো সমর্থন দেব। এই প্রতিশ্র"তি আমি রক্ষা করতে চাই।"
হিলারির প্রচারাভিযানমূলক এক বিবৃতিতে বলা হয়েছে, হিলারি ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে তার সমর্থকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সিনেটর ওবামাকে সমর্থন দেবেন। সেইসঙ্গে দলের একতার জন্য কাজ করারও ঘোষণা দেবেন তিনি।
এই অনুষ্ঠানটি মূলত শুক্রবারে আয়োজন করা হয়েছিল। কিন্তু পরে হিলারির আরও সমর্থক সমাগমের কথা চিন্তা করে তা শনিবারে আয়োজন করা হয়। এ অনুষ্ঠান করার বিষয়টি নিশ্চিত করেছেন হিলারি।
তিনি বলেন, "আমরা কিভাবে সবাই মিলে ওবামার পক্ষে দলকে একতাবদ্ধ করতে পারি সে সম্পর্কে আমি শনিবার কথা বলব। ঝুঁকি খুবই বেশি। আর আমাদের সামনে পড়ে থাকা কাজ কোনও না কোনেওভাবে শেষ করাটা জরুরি।"
হিলারি প্রচারাভিযান আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেবেন, নাকি আপাতত তা বন্ধ রাখবেন সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি। এতে করে তিনি আগস্টের মনোনয়ন কনভেনশনের জন্য তার ডেলিগেটদের হাতে রাখলেন।
ওবামার মনোনয়ন জয়ের দাবির পর হিলারি দিনের বেশির ভাগ সময়ই কাটিয়েছেন সমর্থকদের সঙ্গে কথা বলে। তাদের বেশির ভাগই হিলারিকে এ মুহূর্তে ওবামাকে সমর্থন দেওয়ার পরামর্শ দিয়েছেন।
বারাক ওবামা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধির সমর্থন অর্জন করেন। আগস্ট মাসের ২৫ থেকে ২৮ তারিখে ডেনভারে ডেমোক্র্যাট দলের জাতীয় কনভেনশনে ওই মনোনয়নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি সঙ্গে সঙ্গে হাল ছাড়তে রাজি না হলেও তিনি ওবামাকে অভিনন্দন জানান এবং ডেমোক্র্যাট দলের নম্বর টু বা ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করতে রাজি থাকার ইঙ্গিত দেন।
রাজনীতিতে তুলনামূলকভাবে কম পরিচিত হলেও ডেমোক্র্যাট দলের মনোনয়ন জিতে ইতিহাস গড়তে চলেছেন ওবামা। মনোনয়ন নিশ্চিত হলে বারাক ওবামা হবেন মার্কিন, প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান কোনো দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম কৃষ্ণাঙ্গ এবং নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনকে পরাজিত করতে পারলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
শেষ মুহূর্ত পর্যন্ত মনস্থির না করা প্রতিনিধিদের অনেকগুলো ভোট পেয়ে গিয়ে ওবামা মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় ২,১১৮ জন প্রতিনিধির সমর্থন সংগ্রহ করেন। মঙ্গলবারের শেষ দুই গুরুত্বপূর্ণ প্রাইমারিতে মন্টানায় ওবামা ও সাউথ ডাকোটায় হিলারি জেতেন।
মঙ্গলবার মিনোসোটার সেইন্ট পলে বিজয় উল্লাসরত সমর্থকদের উদ্দেশ্য করে ওবামা বলেন, "আরেকটি ঐতিহাসিক অভিযান শুরুর মধ্য দিয়ে আজ রাতে আমরা একটা ঐতিহাসিক অভিযানের সমাপ্তি উদযাপন করছি।"
প্রায় ১৭,০০০ উল্লসিত সমর্থকের মাঝে দাঁড়িয়ে ওবামা বলেন, "আজ এখানে, আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমিই ডেমোক্র্যাট দল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে যাচ্ছি।" ওই সম্মেলন কেন্দ্রের বাইরে আরও প্রায় ১৫,০০০ ওবামা সমর্থক আনন্দ উল্লাসে মত্ত ছিলেন।
গত পাঁচ মাসে ওবামা-হিলারির মনোনয়ন যুদ্ধে বিভক্ত ডেমোক্র্যাট সমর্থকদের একত্রিত করা এবং রিপাবলিকানদের সঙ্গে নভেম্বরের নির্বাচনী যুদ্ধে ডেমোক্র্যাট দলকে গোছানোই এখন ওবামার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০০ ঘ.
bdnews24