জোহানেসবার্গ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্ ওয়াচ (এইচআরডব্লিউ) বুধবার এই অভিযোগ করেছে। আগামী ২৭ জুন জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
জিম্বাবুয়েতে কেয়ার ইন্টারন্যাশনালের কার্যক্রম বন্ধে সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে সংস্থাটি অভিযোগ করার একদিন পর এইচআরডব্লিউ একথা জানাল। সরকার অভিযোগ করেছে, কেয়ার বিরোধী নেতা মর্গান স্যাঙ্গেরাইকে নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করছে। কেয়ার এই অভিযোগ অস্বীকার করছে।
তবে কেয়ারের কার্যক্রম বন্ধ করা নিয়ে কোনো বিবৃতি দিতে অস্বীকার করছে মুগাবে সরকার। একই সঙ্গে তারা খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যাবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এইচআরডব্লিউ'র জিম্বাবুয়ে বিষয়ক গবেষক তিসকে কাসামবালা বলেন, "নির্বাচনের আগে জনগণকে ক্ষুধার্ত রেখে তাদের ভয় দেখানো হচ্ছে। এভাবে খাদ্যকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে মুগাবে সরকার।"
তিনি আরও বলেন, "নির্বাচনে জেতার জন্য মুগাবে এর আগেও অনেকবার খাদ্যকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।"
দরিদ্র কৃষ্ণাঙ্গদের সাহায্যার্থে জমি পুনর্বন্টন নীতির অধীনে শেতাঙ্গ খামারিদের কৎকাছ থেকে জমি কেড়ে নেওয়ার পর ২০০০ সালের পর থেকে ভেঙে পড়েছে জিম্বাবুয়ের এক সময়ের সমৃদ্ধ কৃষি ব্যবস্থা।
জমি অধিগ্রহণের পর অধিকাংশ খামার চলে গেছে সরকারি কর্মকর্তা বা মুগাবের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির কর্মীসমর্থকদের হাতে। এদের বাইরে যারা জমি পেয়েছেন তাদের হয় কৃষি কাজের অভিজ্ঞতা নেই নয়তো চাষাবাদের পুজি নেই।
জিম্বাবুয়েতে বর্তমানে বিশাল খাদ্য ঘাটতি রয়েছে। জনগণের চাহিদা মেটাতে দেশটিকে আমদানি ও বিদেশি সরকার ও সাহায্য সংস্থাগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে।
তবে দেশের অর্থনীতির দুরবস্থার জন্য মুগাবে পশ্চিমাদের আরোপিত অবরোধকেই দায়ী করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭২৮ ঘ.
bdnews24