২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে খাবার ও পানির সংকটে কয়েকহাজার মানুষ বাস্তুচ্যুত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে খাবার ও পানি সংকটের কারণে প্রায় ২,০০০ পরিবার ঘরবাড়ি ছেড়ে খাবার ও আশ্রয়ের সন্ধানে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। আফগান সরকার বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 11:39 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

কাবুল, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের উত্তরাঞ্চলে খাবার ও পানি সংকটের কারণে প্রায় ২,০০০ পরিবার ঘরবাড়ি ছেড়ে খাবার ও আশ্রয়ের সন্ধানে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। আফগান সরকার বুধবার একথা জানিয়েছে। আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে এ বছর কম বৃষ্টিপাত ও তুষারপাতের কারণে অনেক স্থানেই খাদ্যশস্য ও পানির অভাব দেখা দিয়েছে এবং সেসব স্থানে খরার আশঙ্কা করা হচ্ছে। এক বিবৃতিতে আফগান সরকার জানিয়েছে, "এসব পরিবারের স্থানান্তরের কারণ পানীয় জলের অভাব ও খাদ্য সংকট।" উত্তর আফগানিস্তানের বল্খ প্রদেশের চেতমাল জেলায় এ ঘটনা ঘটে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, কয়েকদিন আগেই ৩৭ টন খাবার এবং কিছু পরিমাণ পানি ওই অঞ্চলে বিতরণ করা সত্ত্বেও স্থানীয় পরিবারগুলোর সংকট কাটেনি। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ওই সাহায্য দেওয়া হয়েছিল। বাস্তুচ্যুত ওই ২,০০০ পরিবার পার্শ্ববর্তী ষোলঘরা জেলায় অবস্থান করছে বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। বল্খ প্রদেশরই ওই জেলাটি আফগানিস্তানের খাবারের ঝুড়ি হিসেবে পরিচিত। ওই পরিবারগুলোকে সাহায্য করার বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২০ ঘ.