২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভিডিও ও গানের সিডির মার্কেট উড়িয়ে দিয়েছে জঙ্গিরা

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ-এ বুধবার একটি ভিডিও ও গানের সিডির মার্কেট বোমা মেরে উড়িয়ে দিয়েছে জঙ্গিরা। মার্কেটটিতে ২০/২৫ টি দোকান ছিল এবং সেগুলোর সবগুলোই ওই হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। তবে এ হামলায় কেউ হতাহত হননি। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 10:58 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

মিরানশাহ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ-এ বুধবার একটি ভিডিও ও গানের সিডির মার্কেট বোমা মেরে উড়িয়ে দিয়েছে জঙ্গিরা। মার্কেটটিতে ২০/২৫ টি দোকান ছিল এবং সেগুলোর সবগুলোই ওই হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। তবে এ হামলায় কেউ হতাহত হননি। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ সাখি জানান, "মঙ্গলবার মধ্যরাতের পর আনুমানিক দেড়টার দিকে মুখোশ পরিহিত জঙ্গিদের ২৫ জনের মতো একটি দল সেখানে আসে। দোকানগুলোকে ঘিরে বোমা পাতে এবং বিস্ফোরণ ঘটিয়ে পুরো মার্কেটটিই উড়িয়ে দেয়।" এসব দোকানে ভারতীয় ও হলিউডি সিনেমা ও মিউজিক ভিডিওর পাইরেটেড সিডি-ডিভিডি বিক্রি হতো। এছাড়া এখানে স্থানীয় পশতুন লোকগানের সিডি-ক্যাসেটও পাওয়া যেত। তবে কোনো কোনো দোকানে আপত্তিকর বা নিষিদ্ধ ছবিও পাওয়া যেত বলে জানিয়েছে স্থানীয়রা। বিধ্বস্ত মার্কেটটির এক দোকানি আহমেদ গুল বলেন, "আমি আমার সর্বস্ব হারিয়েছি। আমার পরিবারের উপার্জনের একমাত্র উৎস ছিল এটি।" পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানসহ আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলে ভিডিও ও গানের দোকানে এর আগেও বেশ কয়েকবার হামলা হয়েছে। হামলাকারী জঙ্গিরা সিনেমা, গানসহ এ ধরনের যেকোনো ভিডিও কিংবা টিভি অনুষ্ঠানকেই অনৈসলামিক দাবি করে থাকে। পাকিস্তানের ওই অঞ্চলটি প্রায় দেড়ডজন স্থানীয়ভাবে শাসিত আদিবাসী এলাকায় বিভক্ত। কোনও সরকারের আমলেই অঞ্চলটি কেন্দ্রীয় সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণাধীন ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৮ ঘ.