কলম্বো, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার রাজধানী কলম্বোয় বুধবার রেল লাইনের ওপর বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কালুবোভিলা টিচিং হাসপাতালের পরিচালক ড. উইলফ্রেড কুমারাসিরি বলেন, "আহতরা সবাই বিপদ মুক্ত।"
শ্রীলংকার সেনাবাহিনী জানিয়েছে, বোমাটি রেললাইনের একটা অংশে পেতে রাখা ছিল।
দেশটির 'মিডিয়া সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটি'র মহাপরিচালক লক্ষণ হুলুগাল্লা বলেন, "কারা হামলা করেছে এত শিগগির তা নিশ্চিত করে বলা না গেলেও এটা যে এলটিটিই'র হামলা হবে এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই।"
রয়টার্সের প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণে রেল লাইন এবং ট্রেনের দুইটি কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
উত্তরাঞ্চলে রাস্তার পাশে সেনাবাহিনীর পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ৮ বেসামরিক লোক নিহত হয়েছে বলে তামিল বিদ্রোহীদের দাবির একদিন পরই এ বিস্ফোরণের ঘটনা ঘটল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৪৫ ঘ.
bdnews24