ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি অনলাইন)--ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার বলেছে, তারা মুম্বাই উপকূলের অদূরে একটি স্ট্যাচু তৈরি করবে যা হবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যাচু অব লিবার্টির সঙ্গে পাল্লা দেওয়ার সমকক্ষ। এ স্ট্যাচুটি হবে 'ছত্রপতি' শিবাজীর। ভিনদেশী মুঘল ও ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য মহারাষ্ট্রে বীর হিসেবে বিবেচিত শিবাজী।
কৃত্রিম এক দ্বীপের ওপর মারাঠী এ বীরের মূর্তিটি নির্মিত হবে। এর সঙ্গে থাকবে একটি লাইব্রেরি, একটি যাদুঘর ও একটি অ্যাম্ফিথিয়েটার।
রাজ্য সরকারের কর্মখর্তা বিশাল দাঘে বলেছেন, স্ট্যাচু অব লিবার্টির প্রায় সমান উঁচু হবে শিবাজীর মূর্তি। ভিত্তিসহ স্ট্যাচু অব লিবার্টির উচ্চতা ৩০৫ ফুট বা ৯২.৬৯ মিটার। এটি নির্মাণে ৪৫ লাখ ডলার ব্যয় হবে। দাঘে জানান, তিন বছর ধরে স্ট্যাচুটি নিয়ে পরিকল্পনা করছেন তারা। নির্মাণের সম্ভাব্য স্থানের একটি সংক্ষিপ্ত তালিকাও তৈরি করা হয়েছে। এর মধ্যে সরকার মেরিন ড্রাইভের কাছে সাগরের একটি অংশকে মনোনীত করেছে। দৃষ্টিনন্দন সড়ক বাতির সারির জন্য ওই জায়গাটি 'কুইন্স নেকলেস' হিসেবে পরিচিত।
সমালোচকদের অনেকে বলেছেন, খাদ্য ও পানির মতো রাজ্যের অনেক মৌলিক সমস্যার সমাধান না করে এই স্ট্যাচু বানানো ঠিক হবে না।
প্রস্তাবিত নির্মাণস্থল পরিদর্শন করে রাজ্যের মূখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ বলেছেন, শিবাজীর স্ট্যাচু নির্মিত হলে সেটি দেখতে অনেক পর্যটক আসবে। এর মধ্যে আলো ও শব্দের মাধ্যমে শিবাজীর কাহিনী তুলে ধরা হবে।
কর্মকর্তারা বলেছেন, স্ট্যাচু নির্মাণের কারিগরি দিকগুলো এখনো চূড়ান্ত হয়নি। তবে গত সোমবার নির্মাণস্থল পরিদর্শনকালে এটি তৈরিতে তাদের সঙ্কল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন মূখ্যমন্ত্রী ।
মহারাষ্ট্রের জঙ্গী ডান সংগঠন শিব সেনা শিবাজীকে তাদের অন্যতম আদর্শিক নেতা হিসেবে মনে করে। তাই আগামী বছরের নির্বাচনের আগে ভোটারদের সমর্থন আদায়কেই এ স্ট্যাচু নির্মাণ উদ্যোগের কারণ হিসেবে দেখছেন অনেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১২১৪ঘ.
bdnews24