২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ দেওয়ার সময় গ্রেপ্তার হয়ে বরখাস্ত আসামের মন্ত্রী

একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে ঘুষ দেওয়ার সময় মঙ্গলবার নয়াদিল্লিতে গ্রেপ্তার হয়েছেন আসামের শিক্ষামন্ত্রী রিপুন বোড়াহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

নতুন দিল্লি, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে ঘুষ দেওয়ার সময় মঙ্গলবার নয়াদিল্লিতে গ্রেপ্তার হয়েছেন আসামের শিক্ষামন্ত্রী রিপুন বোড়াহ। পরে তাকে বরখাস্ত করা হয়েছে। ভারতের রাজধানী থেকে সিএনএন-আইবিএন এর প্রতিনিধি সুমন কে চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, " ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) এক কর্মকর্তাকে দশ লাখ রুপি ঘুষ দেওয়ার সময় গ্রেপ্তার হন রিপুন বোড়াহ। সিবিআই'র ওই কর্মকর্তা বোড়াহ বিরুদ্ধে একটি হত্যা মামলা তদন্ত করছেন।" দিল্লি বিমানবন্দর থেকে বোড়াহ'র এক সহযোগী, একটি পত্রিকার সাংবাদিক মুকুল পাঠককে গ্রেপ্তার করা হয়েছে। আসামের গৌহাটি থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রমেশ মাশওয়ারি নামে দিল্লির এক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে। রমেশের বিরুদ্ধে অভিযোগ তিনিই বোড়াহর কাছে ঘুষের অর্থ পৌঁছে দিয়েছেন। হত্যা মামলার আসামি বোড়াহকে এর আগে কয়েকবার জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তিনি দীর্ঘদিন ধরে আসাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ছিলেন। বোড়াহ গ্রেপ্তার হওয়ার পরপরই আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগুই তাকে মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কার করেছেন। তিনি বলেছেন, "আইন তার নিজস্ব গতিতে চলবে।" সিবিআইয়ের মুখপাত্র জি মোহন্ত বলেন, "বোড়াহ সিবিআইয়ের তদন্তাধীন একটি হত্যা মামলার আসামি। তদন্তের ব্যাপারে মধ্যস্থতাকারীর মাধ্যমে সিবিআইয়ের ওই কর্মকর্তাকে ঘুষ দিতে এসেছিলেন তিনি।" ছাত্রনেতা ড্যানিয়েল তপনো হত্যাকাণ্ডের তদন্তকারী সিবিআইয়ের ওই কর্মকর্তা বোড়াহ'র বিরুদ্ধে ঘুষ প্রস্তাবের অভিযোগ এনে একটি মামলাও করেন। অল আসাম টি ট্রাইব স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জেলা প্রেসিডেন্ট তপনো ১৯৯৬ সালে আসাম রাজ্য পরিষদ নির্বাচনে গোপুর আসন থেকে বোড়াহ'র প্রতিদ্বন্দ্বী ছিলেন। বোড়াহ ওই আসনে ১৯৯৬ সালে হারলেও ২০০১ সালের নির্বাচনে জেতেন। ২০০০ সালের ২৭ সেপ্টেম্বর তপনো নিহত হন। আসাম রাজ্য পুলিশ ওই হত্যা মামলার সমাধান করতে ব্যর্থ হলে ২০০১ সালে তদন্তে নামে সিবিআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২২২৭ ঘ.