বেইজিং, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বেইজিং অলিম্পিকের আগেই 'তিয়েনআনমেন স্কয়ার' এ গণতান্ত্রিক আন্দোলনের সময়কার বন্দিদের মুক্তি দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গণতন্ত্রের দাবিতে ছাত্রদের নেতৃত্বাধীন ওই আন্দোলনে সেনাবাহিনীর দমন-পীড়ণের ১৯তম বার্ষিকীর আগে মানবাধিকার সংস্থাটি এ আহ্বান জানাল।
১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে ছাত্রদের ওই আন্দোলন দমনে সেনাদের গুলিতে ও রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েকশ মানুষ প্রাণ হারায়। তবে ওই ঘটনার প্রায় দুই দশক পার হলেও এখনও ওই আন্দোলনে হতাহতদের কোনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি সরকার।
এইচআরডব্লিউ জানায়, ওই আন্দোলনে জড়িত থাকার অভিযোগে প্রায় ১৩০ জনকে ২০০৪ সাল পর্যন্তও আটক রাখা হয়েছিল বলে জানেন তারা।
এ বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা স্পষ্ট করতে অবিলম্বে তিয়েনআনমেন আন্দোলনে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পাশাপাশি আটক, শাস্তিপ্রাপ্ত ও মুক্তিপ্রাপ্তদেরও তালিকা প্রকাশের দাবি জানিয়েছে তারা।
ওদিকে, হংকং ভিত্তিক আরেকটি মানবাধিকার সংগঠন 'ইনফরমেশন সেন্টার ফর হিউম্যান রাইটস' সোমবার জানায়, ওই আন্দোলনের পর দেশব্যাপী শুরু হওয়া গণবিক্ষোভে প্রায় ২০,০০০ লোককে আটক করা হয়েছিল।
এদের মধ্যে কমপক্ষে ৭০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং দ্রুততার সঙ্গে তা কার্যকর করা হয় বলেও দাবি করেছে সংগঠনটি।
চীনের সাবেক প্রেসিডেন্ট ইয়াং সাঙ্খুনের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সংগঠনটি জানায়, তিয়েনআনমেন স্কয়ারে ছাত্র-গণঅভ্যুত্থানে ছয়শ'রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছিলন ইয়াং। ১৯৯৮ সালে সাবেক প্রেসিডেন্ট ইয়াং মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১৮ ঘ.
bdnews24