সিউল, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়াকে 'মারাত্মক প্রতিপক্ষ' বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। মঙ্গলবার মার্কিন সামরিক নেতৃবৃন্দ এবং গেটস একইসঙ্গে আরও বলেছেন, দক্ষিণ কোরিয়ায় নিয়োজিত মার্কিন বাহিনী যে কোনো হামলা প্রতিহত করতে এবং দ্রুততার সঙ্গে তার জবাব দিতে প্রস্তুত।
দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক কমান্ডের পরিবর্তন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে রবার্ট গেটস বলেন, "উত্তর দিকে 'ডিএমজেড' বা 'বেসামরিকীকরণকৃত' অঞ্চলের ওপারে এক মারাত্মক প্রতিপক্ষকে মোকাবেলা করছি আমরা। একারণেই আমরা এখানে জোট বেঁধেছি।"
দক্ষিণ কোরিয়ার ৬,৭০,০০০ সদস্যের সেনাবহিনীকে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রের প্রায় ২৮,০০০ সেনা সেখানে মোতায়েন রয়েছে। অন্যদিকে, উত্তর কোরিয়ার প্রায় ১২ লাখ সদস্যের সেনাবহরের অধিকাংশকেই সীমান্তবর্তী 'ডিএমজেড' এলাকাকে ঘিরে মোতায়েন করে রেখেছে দেশটি।
১৩৫৩ সালের কোরীয় যুদ্ধের পর দুইভাগে ভাগ হয়ে যাওয়া কোরীয় উপদ্বীপের বিভক্তিরেখা বা সীমান্ত বরাবর ওই বাফার জোন বা 'ডিএমজেড' গঠন করা হয়।
দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক নেতৃত্ব পরিবর্তনের এ অনুষ্ঠানের আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি সেং-হি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সঙ্গে বৈঠক করেছেন বলে জানানো হয়েছে সিউলের প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক বিবৃতিতে।
চীন, জাপান, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং উত্তর ও দক্ষিণ কোরিয়া এ ছয়টি দেশের এক যৌথ প্রচেষ্টা বা ছয়জাতি উদ্যোগের আওতায় তেল কিংবা নগদ সাহায্যের বিনিময়ে উত্তর কোরিয়ায় পরমাণু নিরস্ত্রীকরণের চেষ্টা চালানো হচ্ছে।
কিন্তু এখনও ছয়জাতি উদ্যোগের সব শর্ত পূরণ করেনি উত্তর কোরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩৩ ঘ.
bdnews24