২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া তার পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ দেবে: এলবারাদি

জাতিসংঘের শীর্ষ পরমাণু পর্যবেক্ষকদের তার পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ দেবে সিরিয়া। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান মোহাম্মেদ এলবারাদি সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 07:48 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ভিয়েনা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘের শীর্ষ পরমাণু পর্যবেক্ষকদের তার পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ দেবে সিরিয়া। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান মোহাম্মেদ এলবারাদি সোমবার একথা জানিয়েছেন। সিরিয়ার বিরুদ্ধে পরমাণু চুল্লি স্থাপনের অভিযোগ পরীক্ষা করে দেখতে এবং দেশটির পরমাণু কর্মসূচির পূর্ণ বিবরন প্রকাশের দাবির প্রেক্ষিতেই এ পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। গত এপ্রিলে দামেস্কর বিরুদ্ধে পরমাণু বোমা বানানোর অভিযোগ উত্থাপন করে ওয়াশিংটন। এছাড়াও সেপ্টেম্বরে সিরিয়ার পরমাণু চুল্লিতে ইসরায়েলের বোমা হামলার বিষয়টি প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) দেশটিকে পরমাণু কর্মসূচির চালানো দেশের তালিকাভূক্ত করে। সিরিয়া পর্যবেক্ষকদের প্রবেশে বাধা দিচ্ছে পশ্চিমা বিশ্বের এ অভিযোগের কয়েক মাস পরই আইএইএ প্রধান ঘোষণা দেন, ২২ থেকে ২৪ জুন আইএইএ'র শীর্ষ পর্যবেক্ষকরা সিরিয়া পরিদর্শনে যাবেন। ধারণা করা হচ্ছে পর্যবেক্ষকরা সিরিয়ার সন্দেজনক পরমাণু স্থাপনা 'আল-কাবির'সহ অন্যান্য স্থানে পরিদর্শনে যাবেন। একজন শীর্ষ কূটনৈতিক রয়টার্সকে একথা জানান। আল-কাবির হচ্ছে সেই স্থান যেখানে গত সেপ্টেম্বরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছিল। অন্য একজন কূটনৈতিক জানান, আল-কাবিরসহ আরও দুই তিনটি স্থান পরিদর্শনের আওতায় রয়েছে। ওদিকে সিরিয়া পরমাণু কর্মসূচির অভিযোগকে অদ্ভুত বলে দাবি করছে। ইরান ও সিরিয়া একত্রে ইউরেনিয়াম প্রক্রিয়জাত করছে বলে যে অভিযোগ উত্থাপন করা হচ্ছে তাকেও ভিত্তিহীন বলে দাবি করেছে ইরান। তবে জুনে পরিদর্শক দলের সিরিয়া সফরের ঘোষণা সম্পর্কে সিরিয়া কোনো মন্তব্য করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৩৭ ঘ.