২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণের সন্ধানে মঙ্গলের ধূলোমাটি পরীক্ষা করেছে ফিনিক্স

মঙ্গল গ্রহের উত্তর মেরুতে সফলভাবে অবতরণকারী মার্কিন মহাকাশযান ফিনিক্স প্রাণের সন্ধানে মঙ্গলের ধূলোমাটি পরীক্ষা করেছে। প্রাণ ধারনের উপযোগী উপাদান বরফের অস্তিত্ব খোঁজার জন্য মঙ্গলের মাটির নমুনা পরীক্ষা এটিই প্রথম। বিজ্ঞানীরা রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 02:55 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ওয়াশিংটন, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মঙ্গল গ্রহের উত্তর মেরুতে সফলভাবে অবতরণকারী মার্কিন মহাকাশযান ফিনিক্স প্রাণের সন্ধানে মঙ্গলের ধূলোমাটি পরীক্ষা করেছে। প্রাণ ধারনের উপযোগী উপাদান বরফের অস্তিত্ব খোঁজার জন্য মঙ্গলের মাটির নমুনা পরীক্ষা এটিই প্রথম। বিজ্ঞানীরা রোববার একথা জানিয়েছেন। মাটির নমুনা পরীক্ষা করে রোবোটিক আর্ম ক্যামেরায় এর একটি পায়ের ছাপ আকৃতির ছবিও তুলে পাঠায় ফিনিক্স। মার্কিন মহাকাশ সংস্থা নাসা একথা জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার পাসাদেনায় নাসার 'জেট প্রপালসন ল্যাবোরাটরি' থেকে ফিনিক্সের মিশন ম্যানেজার ডেভিড স্পেনসার বলেন, "এই সফলতাই বলে দিচ্ছে আমরা রোবোটিক আর্ম সঠিকভাবে কাজে লাগাতে পেরেছি। এর পরবর্তী নমুনা সংগ্রহ ও সরবরাহের ক্ষেত্রে আমরা এখন একটা ভালো অবস্থানে রয়েছি।" ফিনিক্সের রোবোটিক আর্ম ক্যামেরা আরও অসংখ্য ছবি পাঠিয়েছে। সেগুলো থেকে ফিনিক্স মহাকাশযানের নীচে বরফ আছে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহের রোববার গ্রিনিচ সময় ২৩৫৩ ঘণ্টায় মহাকাশযানটি মঙ্গলগ্রহে অবতরণ করে। মঙ্গলে পানির অস্তিত্ব খুঁজতে এবং সেখানে জীবন ধারণের প্রয়োজনীয় অবস্থা যাচাই করতেই এ মহাকাশযান পাঠানো হয়েছে। ফিনিক্স নামের এই মার্কিন মহাকাশযানটিই প্রথম কোনো মহাকাশযান হিসেবে কোনো গ্রহের মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ করল। ১০ মাস আগে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে এ মহাকাশযানটি মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়। আর পৃথিবী থেকে প্রায় ৬ লাখ ৭৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে সফলভাবে এটি মঙ্গল গ্রহে অবতরণ করে। অবতরণের পর সোমবার সকালেই মহাকাশযানটি মঙ্গল গ্রহের বেশ কয়েকটি ছবি পাঠায়। নাসা'র প্রধান মহাকাশ বিজ্ঞানী এড ওয়েইলার এ অভিযান সম্পর্কে বলেন, "আগের দুইটি মঙ্গল অভিযানের চেয়ে এটি অনেক বেশি দুঃসাধ্য।" ২০০২ সালে বিজ্ঞানীরা মঙ্গলের মেরু অঞ্চলে মাটির নীচে বরফজমা পানির সন্ধান পায়। এই পানির নমুনা সংগ্রহ এবং জীবনের জন্য অন্যান্য প্রয়োজনীয় উপাদানের খোঁজে ২০০৭ সালের আগস্টে ফিনিক্সকে মঙ্গলে পাঠানো হয়। এর আগে ১৯৯৯ সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসা মঙ্গলের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণের চেষ্টা চালায়। কিন্তু মিশনের একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে সমস্যা দেখা দেওয়ায় তা আর সফল হয়নি। এর পরের মহাকাশযানের মিশনও বাতিল করে নাসা। তবে 'স্পিরিট' এবং 'অপরচুনিটি' কে পানির সন্ধানের জন্য মঙ্গলে পাঠাতে সক্ষম হয় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৭ঘ.