২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেসবুক 'প্রাইভেসি আইন লঙ্ঘন করছে'

'প্রাইভেসি' বা ব্যক্তির গোপনীয়তা রক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সোশাল নেটওয়ার্কিং সাইট 'ফেসবুক' এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কানাডার একটি প্রাইভেসি গ্র"প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 12:23 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

লন্ডন, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - 'প্রাইভেসি' বা ব্যক্তির গোপনীয়তা রক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সোশাল নেটওয়ার্কিং সাইট 'ফেসবুক' এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কানাডার একটি প্রাইভেসি গ্র"প। একইসঙ্গে কোম্পানিটির বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিয়ে বাণিজ্যিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা এবং ব্যবহারকারীদেরকে বিজ্ঞাপনের টার্গেটে পরিণত করারও অভিযোগ এনেছে তারা। কানাডার প্রাইভেসি কমিশনারের দপ্তরে দায়ের করা অভিযোগপত্রে ফেসবুকের বিরুদ্ধে সেদেশে গোপনীয়তা লঙ্ঘনের ২২টি আলাদা অভিযোগ উল্লেখ করেছে প্রাইভেসি অধিকার গ্র"প 'দ্য কানাডিয়ান ইন্টারনেট পলিসি এন্ড পাবলিক ইন্টারেস্ট ক্লিনিক'। অধিকার গ্র"পটির পরিচালক ফিলিপা লসন বিবিসি-কে বলেন, কানাডায় যেখানে ফেসবুকের প্রায় ৭০ লাখ ব্যবহারকারী রয়েছে সেখানে "ফেসবুককে অবশ্যই জনসাধারণের কাছে জবাবদিহি করতে হবে।" ফেসবুক অবশ্য তাদের বিরুদ্ধে দায়েরকরা অভিযোগ অস্বীকার করে বলেছে, অন্যদের তুলনায় এসব বিষয়ে সবচেয়ে বেশি দায়িত্বশীলতার প্রমাণ দিয়ে আসছে তারা। অভিযোগে বলা হয়, ফেসবুক তার ব্যবহারকারীদের স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে এবং তাদের অনুমতি ছাড়াই সেসব অন্য কাজে ব্যবহার করে। অভিযোগে আরও বলা হয়, ব্যবহারকারীদের তথ্যাদি কিভাবে ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে মানুষকে সতর্ক করছে না কোম্পানিটি। একইভাবে কোনো ব্যবহারকারী তার সদস্যপদ বা একাউন্ট বন্ধ করে দেওয়ার পরও তার তথ্যাদি নষ্ট করে না ফেসবুক। ৩৫ পৃষ্ঠার ওই অভিযোগপত্রে ফেসবুক কিভাবে কানাডার ব্যক্তিগত তথ্য রক্ষা এবং ইলেক্ট্রনিক নথি আইন বা 'কানাডিয়ান পারসোনাল ইনফরমেশন প্রটেকশন অ্যাক্ট - পিআইপিইডিএ বা 'পিপেডা' লঙ্ঘন করছে তার ব্যাখ্যা হাজির করে অধিকার গ্র"পটি। মিস লসন বলেন, "অনলাইনে সোশাল নেটওয়ার্কিং একটি একটি জনপ্রিয় ধারণা"। তিনি বলেন, "সামাজিক গোষ্ঠী-গঠন এবং সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এটা একটা দারুণ হাতিয়ার হিসেবে প্রমাণিত হচ্ছে। কিন্তু একইসঙ্গে এটা মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের একটা বিস্ফোরণক্ষেত্র হিসেবেও আবির্ভূত হয়েছে।" লসন বলেন, "আমরা ফেসবুক এর দিকেই মনোযোগ আকর্ষণ করছি কারণ এই সোশাল নেটওয়াকিং সাইটটিই কানাডায় সবচেয়ে জনপ্রিয় এবং বিপুল সংখ্যক কিশোরকিশোরীরা এ সাইটটি ব্যবহার করছে। যারা হয়তো অনলাইনে তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশের ঝুঁকি সম্পর্কে জানে না।" তিন বছর ধরে ফেসবুক ব্যবহারকারী এবং ওই অধিকার গ্র"পটির কর্মী ২৪ বছর বয়সী হারলি ফিংকেলস্টেইন বলেন, "কানাডায় ফেসবুক ব্যবহারকারীদের একটা বড় অংশ ১৪ থেকে ২৫ বছর বয়সের ছেলেমেয়ে।" হারলি বলেন, "১৪ বছর বয়সের একটা কিশোর এটা নাও জানতে পারে যে 'প্রাইভেসি সেটিংস' বা গোপনীয়তা রক্ষা করার মতো সুযোগ আছে এবং কিভাবে তা ব্যবহার করতে হয়। তাছাড়া তৃতীয় পক্ষের কাছে ব্যক্তিগত তথ্য চলে যাওয়ার সামাজিক কুফল সম্পর্কেও তার ধারণা নাও থাকতে পারে।" এ অভিযোগপত্র সম্পর্কে ফেসবুকের লিখিত বিবৃতিতে বলা হয়, "আমরা অভিযোগপত্রটি পর্যালোচনা করেছি এবং দেখেছি যে, সেটি নানা তথ্যগত বিভ্রাটে ভরা। অভিযোগকারীরা বিশেষভাবে একটি বিষয় এড়িয়ে গেছেন যে, ফেসবুকে ব্যবহৃত প্রায় সব তথ্যই ব্যবহারকারীরা স্বেচ্ছায় দিয়ে থাকেন।" কিন্তু অধিকার কর্মী হারলি ফেসবুকের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, "আমাদের অনুসন্ধানে আমরা দেখেছি যে, এ দাবি পুরোপুরি ঠিক নয়। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি সবচেয়ে কঠোর 'প্রাইভেসি সেটিংস'-ও অনুসরণ করেন তবুও আপনার ফেসবুক বন্ধুদের 'প্রাইভেসি সেটিংস' দুর্বল থাকলে আপনার গোপনীয়তা ব্যাপকভাবে লঙ্ঘিত হতে পারে।" তিনি আরও জানান, "আপনি যদি ফেসবুকের প্রস্তাবিত কোনও তৃতীয়পক্ষের সুবিধা ব্যবহার করেন, তাহলে আপনার আর কোনো সুযোগই থাকবে না তাদেরকে আপনার তথ্যাদি জানতে না দেওয়ার। তৃতীয়পক্ষের প্রয়োজন না থাকলেও নির্দিষ্ট সফটওয়্যারের কারণেই এ ধরনের তৃতীয়পক্ষ ব্যবহারকারীদের প্রস্তবকরা আপনার সব তথ্যে প্রবেশের সুযোগ পাবে।" অধিকার গ্র"পটির আরেক কর্মী আইনের ছাত্রী লিসা ফেইনবার্গ বলেন, "ফেসবুক নিজেদের একটি সামাজিক উপযোগিতা সৃষ্টি প্রতিষ্ঠান হিসেবে প্রকাশ করলেও এটি বাণিজ্যিক কর্মকাণ্ডে লিপ্ত। ব্যবহারকারীদের তথ্য নিয়ে তারা বিশেষ সামাজিক শ্রেণী লক্ষ্য করে বিজ্ঞাপনী ব্যবসার মতো কর্মকাণ্ডে জড়িত।" লিসা বলেন, "ফেসবুক ব্যবহারকারীদের এটা জানা প্রয়োজন যে, তারা যখন ফেসবুক এর সদস্য হওয়ার জন্য 'সাইনআপ' করছেন তখনই তারা বিজ্ঞাপনদাতাদেরকে নিজেদের তথ্য দেওয়ার বিষয়ে স্বাক্ষর করছেন।" 'দ্য কানাডিয়ান ইন্টারনেট পলিসি এন্ড পাবলিক ইন্টারেস্ট ক্লিনিক'-সিআইপিপিসি এর পরিচালক বিবিসি-কে আরও বলেন এখন শুধু ফেসবুক এর বিরুদ্ধে অভিযোগ দায়েরের কারণ এ সাইটটিই কানাডায় সবচেয়ে জনপ্রিয়। কিন্তু তারা মনে করেন এ ধরনের সব সাইটই সন্দেহজনক। এ বছরের শেষ দিকে তারা 'মাইস্পেস' এর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪৫ ঘ.