স্কোপে, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেসিডোনিয়ায় রোববারের নির্বাচনে বিস্ময়কর জয় পেয়েছেন প্রধানমন্ত্রী নিকোলা গ্র"য়েভস্কি। তবে নির্বাচনকে ঘিরে সৃষ্ট সহিংসতা জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে। ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভে মেসিডোনিয়ার দেরী হতে পারে।
এ নির্বাচনে গ্র"য়েভস্কির রক্ষণশীল (ভিএমআরও-ডিপিএমএনই) দল গত এক দশকের মধ্যে এই প্রথম পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ইতোমধ্যেই একজন নিহত এবং আরও নয়জন আহত হওয়ায় অনেকেই গ্র"য়েভস্কিকে দায়ী করে বলছেন তিনি, সংঘর্ষের ঝুঁকিকে পাত্তা দেন নি।
বিশ্লেষক ডান তালেস্কি খারাপ ফল পাওয়ার আভাস দিয়ে বলেন, "আমরা এ বছর ইইউ সদস্যপদ লাভের প্রশ্নে আলোচনা করার দিনক্ষণই ঠিক করতে পারব না।"
মেসিডোনিয়ার পার্লামেন্ট নির্বাচন রোববার সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় গুলিতে কমপক্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়। এছাড়া, জাতিগত আলবেনীয় অধ্যুষিত একটি শহরে বন্দুকযুদ্ধের পর ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, আলবেনীয় অধ্যুষিত কয়েকটি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে এবং একটি ক্যাফেতে ছোট আকারের বোমাও ফাটানো হয়েছে। এছাড়া স্কোপের দক্ষিণাঞ্চলীয় অ্যারাসিনোভো শহরে বন্দুক যুদ্ধের পর ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, অ্যারাসিনোভো শহরে পুলিশ একদল বন্দুকধারীকে ধাওয়া করলে তারা গুলি করতে শুরু করে। এরপর পুলিশও গুলি চালায়। এতে এক বন্দুকধারী আহত হয়।
তবে ওই গোলাগুলির ঘটনার প্রতিবাদ জানিয়েছেন 'আলবেনিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন ফর ইনটেগরেশন'(ডিইউআই) পার্টির কর্মকর্তা শেফিক দুরাকু। তিনি জানিয়েছেন, তারা ব্যালট বক্স ও নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়ার সময় সাদা পোশাকের পুলিশ তাদের থামিয়ে গুলি চালায়।
তিনি বলেন, "পুলিশ আমাদের থামায়। এরপর তারা ফাকা গুলি ছোঁড়ে। অবস্থা বুঝে আমরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালাই।"
অ্যারাসিনোভো শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অস্ত্র সজ্জিত পুলিশের ১০-১২টি গাড়িকে পাহারা দিতে দেখা যায়। অন্যদিকে, শহরের কাছাকাছি প্রায় দুশ' আলবেনীয় রাস্তার ওপর গাড়ি পার্ক করে রাস্তা বন্ধ করে দেয়।
দুই চরম প্রতিদ্বন্দ্বী দল ডিইউআই ও বা ডেমোক্র্যাটিক পার্টি অব আলবেনিয়ান বা ডিপিএ নির্বাচনের সময় একে অপরের ওপর হামলার অভিযোগ এনেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০৪ ঘ.
bdnews24