ইসলামাবাদ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ডেনিশ দূতাবাসের সামনে সোমবার গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে বিবিসি একথা জানিয়েছে। ওদিকে, পুলিশ ও হাসপাতাল কর্মকর্তাদেও উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে ৬ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছে।
এর আগে প্রাথমিক খবরে ইসলামাবাদের নগর কর্মকর্তা বিম্ফোরণে ৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। বোমার আঘাতে দূতাবাসের ভবন, প্রধান ফটক এবং বেশ কয়েকটি গাড়িও বিধ্বস্ত হয়েছে। ইসলামাবাদের ওই এলাকায় বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস এবং কূটনৈতিকদের বাসস্থান রয়েছে।
ঘটনাস্থল থেকে নগর কর্মকর্তা রানা আকবর বলেন, "এটি বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে ৪ নিহত এবং ৩ জন আহত হয়েছে।"
এর আগে, ঘটনাস্থল থেকে পাকিস্তানে রয়টার্সের প্রতিনিধি কামরান হায়দার জানান, তিনি সেখানে তিনটি লাশ দেখেছেন। লাশ তিনটির একটি দূতাবাসের ফটকের ভেতরে এবং বাকী দুইটি বাইরে ছিল।
এছাড়াও তিনি জানান, বিস্ফোরণের ধরণ দেখে তাদের ধারণা, গাড়িবোমা বিস্ফোরণ ঘটেছে এবং এর আঘাতে রাস্তার ওপর এক মিটার গভীর একটি গর্ত হয়ে গেছে।
টেলিভিশন ভিডিও চিত্রে দেখা গেছে, বোমার আঘাতে দূতাবাস, আশপাশের ভবন এবং গাড়ি বিধ্বস্ত হয়েছে। নিহতদের মধ্যে একজনকে পাকিস্তানের নিরাপত্তারক্ষী বলে মনে হয়েছে।
২০০৫ সালে একটি ডেনিশ সংবাদপত্রে হযরত মুহম্মদ (সঃ) এর ব্যঙ্গাকত্মক কার্টুন ছাপার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের ডেনিশ দূতাবাসে হামলা চালায় কট্টর ইসলাম পন্থীরা।
সদ্য এই বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানে বিদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দেবে। যদিও নতুন সরকার আসার পরে পাকিস্তানে জঙ্গি হামলা কমেছে। কিন্তু মহানবী (সা:) এর কার্টুন ছাপা নিয়ে হৈচৈ এর পর থেকে সবাই এ ধরনের হামলার আশঙ্কায় আছে।
হামলার দায় কেউ স্বীকার করেনি। কিন্তু অধিবাসীরা আবারও এরকম হামলা হওয়ার আশঙ্কা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৭৩৮ ঘ.
bdnews24