২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুয়ের্টো রিকোয় হিলারির জয়, মনোনয়নের দ্বারপ্রান্তে ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন রোববার পুয়ের্টো রিকোয় জয় পেলেও মনোনয়নের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন তার প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 06:43 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ওয়াশিংটন, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন রোববার পুয়ের্টো রিকোয় জয় পেলেও মনোনয়নের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন তার প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা। পুয়ের্টো রিকোর এ নির্বাচনে ডেমোক্র্যাট দলের কোনো 'প্রতিনিধি' না থাকায় এই জয় হিলারির মনোনয়ন লাভের ক্ষেত্রে বাড়তি কোনো সম্ভাবনা তৈরী করছে না। ওদিকে, মনোনয়ন প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ২,১১৮ প্রতিনিধি'র সমর্থন প্রাপ্তির খুব কাছকাছি অবস্থান করছেন প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা। তিনি ইতোমধ্যেই নভেম্বরের সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ম্যাককেইনের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতিতে মনোনিবেশ করতে শুরু করেছেন। মঙ্গলবার মন্টানা এবং সাউথ ডাকোটার প্রাইমারিতে জয় পেলে ওবামার মনোনয়ন অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। কেননা এই রাজ্য দুটিতে ৩১ জন প্রতিনিধি রয়েছে এবং ওবামা আর মাত্র ৪৫ জন প্রতিনিধির সমর্থন পেলেই ডেমোক্র্যাট শিবিরের মনোনয়ন নিশ্চিত করতে পারবেন। তবে, এখনও প্রায় ১৮০ জন সুপার ডেলিগেট (পদাধিকার বলে বিশেষ প্রতিনিধি) রয়েছেন যারা কোনো প্রার্থীর প্রতি এখনও সমর্থন দেননি। যারা ইচ্ছে করলে যেকোনো প্রার্থীকেই মনোনয়ন দৌঁড়ে এগিয়ে নিতে পারেন। হিলারি রোববার ওই সব ডেলিগেটদের কাছে সরাসরি আবেদন জানিয়ে বলেছেন, রিপাবলিকান প্রার্থী ম্যাককেইনকে হারানোর সম্ভাবনা তারই বেশি এবং মনোনয়ন পেলে ওবামার চেয়ে তার ভোট পাওয়ার সম্ভাবনাও বেশি। পুয়ের্টো রিকোয় জয় পাওয়ার পর হিলারি বলেন, "সারা দেশের বেশির ভাগ মানুষই আমাদের ভোট দিয়েছে। আমরা জনপ্রিয় ভোটে জিতেছি।" তিনি আরও বলেন, "আপনাদের সিদ্ধান্তের কারণে আমি আশাহত হবো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২১৯ ঘ.