স্কোপে, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেসিডোনিয়ার পার্লামেন্ট নির্বাচন রোববার সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে। এ সময় গুলিতে কমপক্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। এছাড়া, জাতিগত আলবেনীয় অধ্যুষিত একটি শহরে বন্দুকযুদ্ধের পর ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, আলবেনীয় অধ্যুষিত কয়েকটি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে এবং একটি ক্যাফেতে ছোট আকারের বোমাও ফাটানো হয়েছে। এছাড়া স্কোপের দক্ষিণাঞ্চলীয় অ্যারাসিনোভো শহরে বন্দুক যুদ্ধের পর ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, অ্যারাসিনোভো শহরে পুলিশ একদল বন্দুকধারীকে ধাওয়া করলে তারা গুলি করতে শুরু করে। এরপর পুলিশও গুলি চালায়। এতে এক বন্দুকধারী আহত হয়।
তবে ওই গোলাগুলির ঘটনার প্রতিবাদ জানিয়েছেন 'আলবেনিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন ফর ইনটেগরেশন'(ডিইউআই) পার্টির কর্মকর্তা শেফিক দুরাকু। তিনি জানিয়েছেন, তারা ব্যালট বক্স ও নির্বাচনী সামগ্রি নিয়ে যাওয়ার সময় সাদা পোশাকের পুলিশ তাদের থামিয়ে গুলি চালায়।
তিনি বলেন, "পুলিশ আমাদের থামায়। এরপর তারা ফাকা গুলি ছোঁড়ে। অবস্থা বুঝে আমরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালাই।"
অ্যারাসিনোভো শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অস্ত্র সজ্জিত পুলিশের ১০-১২টি গাড়িকে পাহারা দিতে দেখা যায়। অন্যদিকে, শহরের কাছাকাছি প্রায় দুশ' আলবেনীয় রাস্তার ওপর গাড়ি পার্ক করে রাস্তা বন্ধ করে দেয়।
দুই চরম প্রতিদ্বন্দ্বী দল ডিইউআই ও বা ডেমোক্র্যাটিক পার্টি অব আলবেনিয়ান বা ডিপিএ নির্বাচনের সময় একে অপরের ওপর হামলার অভিযোগ এনেছে।
প্রধানমন্ত্রী নিকোলা গ্র"ভেস্কির রক্ষণশীল দল ভিএমআরও-ডিপিএমএনই বিজয়ী হতে পারে বলে আশা করা হচ্ছে।
৪৪ বছর বয়স্ক ভোটার গোরান পেটকোভস্কি বলেন, "নির্বাচন শুধু গুরুত্বপূর্ণ নয়, অতি গুরুত্বপূর্ণ। মেসিডোনিয়া একটি খারাপ সময় পার করছে। আমি আশা করছি সকলেই শন্তিপূর্ণভাবে ভোট দেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০১২ ঘ.
bdnews24