২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজপথে সরকারবিরোধী বিক্ষোভ চালিয়ে যাবে থাইল্যান্ডের বিরোধীদল

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী সামাক সুন্দরাজেভের সরকারকে পদত্যাগে বাধ্য করতে রাজপথে বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গিকার করেছে বিরোধীদল। বিক্ষোভ দমনে প্রধানমন্ত্রীর হুমকি সত্ত্বেও রোববার তারা এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ব্যাংকক, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে প্রধানমন্ত্রী সামাক সুন্দরাজেভের সরকারকে পদত্যাগে বাধ্য করতে রাজপথে বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গিকার করেছে বিরোধীদল। বিক্ষোভ দমনে প্রধানমন্ত্রীর হুমকি সত্ত্বেও রোববার তারা এ কথা জানিয়েছে। ব্যাংককের প্রাণকেন্দ্রে গ্রান্ড প্যালেসের কাছাকাছি মাকাওয়ান র‌্যাংগসান ব্রিজের কাছে সমাবেশ থেকে বিরোধী পিপলস্ অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি'র (পিএডি) নেতা সমসাক কোসাইসুক টেলিফোনে রয়টার্সকে বলেন, "সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমরা বিক্ষোভ চালিয়ে যাব।" প্রধানমন্ত্রী সামাক গত শনিবার দেশে চলমান সরকারবিরোধী প্রতিবাদ-বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপের হুমকি দেন। সরকার-বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ডে আবারও সামরিক অভ্যুত্থানের আশঙ্কায় তিনি বিক্ষোভ দমনের এ হুমকি দেন। সুশীল সমাজের প্রতিনিধিদের জোট পিএডি'র ও বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টির অভিযোগ সামাক সরকার সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পুতুল সরকারে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী সামাকের পদত্যাগ দাবিতে সপ্তাহ খানেক আগে থেকে পিএডি এই প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ২০০৬ সালে সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার আগেও পিএডি এবারের মতো বিক্ষোভ সমাবেশ করেছিল। সেবারও ছোটো আকারে বিক্ষোভ শুরু হলেও খুব দ্রুত সেটি বিশাল আকার ধারণ করে। সেনাবাহিনীর হস্তক্ষেপের আগে প্রায় এক লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল। শনিবারের বিক্ষোভে অংশ নেয় প্রায় সাড়ে ছয় হাজার মানুষ। তবে পিএডি নেতা সমসাক জানিয়েছেন, আরও অসংখ্য মানুষ খুব শিগগির বিক্ষোভে অংশ নেবে। গত শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী কঠোর হাতে বিক্ষোভ দমণের হুমকি দেন। এর পরপরই কয়েকশ' দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় শহরের রাস্তায়। পিএডি'র বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে সামাক বলেন, "তাদের প্রতিবাদ দমনের জন্য পুলিশ ও সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।" তিনি আরও বলেন, "আপনারা আইন ভঙ্গ করছেন। আমার দায়িত্ব আপনাদের প্রতিরোধ করা। আপনারা রাজপথ ছেড়ে দিন। তা না হলে আপনাদের বের করে দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৫৫ ঘ.