জেরুজালেম, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- অধিকৃত পশ্চিম তীরে রোববার শ'শ নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছে ইসরায়েল। পশ্চিম তীরকে জেরুজালেমের অংশ বলেই মনে করে ইসরায়েল। একারণে, ওই জায়গায় বসতি স্থাপন বন্ধে যুক্তরাষ্ট্র এবং ফিলিস্তিনের আহ্বান সত্ত্বেও ইসরায়েল ওই পরিকল্পনা নিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট তিনদিনের সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে দেখা করতে যাওয়ার দু'দিন আগে পশ্চিম তীরে বসতি নির্মাণের এই ঘোষণা এল।
নভেম্বরে বুশের আয়োজিত সম্মেলনে ইসরায়েল-ফিলিস্তিন শান্তির রোডম্যাপ এগিয়ে নিয়ে যেতে রাজি হয়। এতে অধিকৃত অঞ্চলে বসতি নির্মাণকাজ বন্ধের প্রস্তাব রয়েছে।
কিন্তু ইসরায়েলের বসতি স্থাপন মন্ত্রী জিভ বোইম 'পিসগাট জিভ' এলাকায় অতিরিক্ত ৭৬৩ টি বাড়ি এবং 'হারহোমায়' ১২১ টি বাড়ি নির্মাণের জন্য তার কার্যালয়কে টেন্ডার দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনিরা এই জায়গাটিকে জাবাল আবু ঘেইম বলে থাকে।
দুটি এলাকাই ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল দখল করে নেয়। পরে জেরুজালেম সীমান্তের সঙ্গে এলাকাগুলো একীভূত করে নেয় ইসরায়েল। এ পদক্ষেপে আন্তর্জাতিক সমর্থন নেই।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঊর্ধ্বতন সহযোগী ইয়াসির আব্বেদ রাব্বো বলেছেন, ওলমার্ট সরকার শান্তির কথা বলার পাশাপাশি জেরুজালেম ও এর আশেপাশে বসতি স্থাপন বাড়িয়ে সেই শান্তি আলোচনার ভিত নড়িয়ে দেওয়ার কাজ করে।
বোইম এর এক মুখপাত্র বলেন, "জেরুজালেমকে শক্তিশালী করার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে নতুন বসতি নির্মাণের জন্য ওই টেন্ডার ডাকার নির্দেশ দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩১ ঘ.
bdnews24