নাসিরিয়া, ইরাক, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া। রোববার দক্ষিণ ইরাকে প্রায় ৫০০ অস্ট্রেলীয় সেনার ওই যোদ্ধা দলটি প্রত্যাহার শেষ হয়েছে বলে জানিয়েছেন ইরাকি কর্মকর্তারা। এর মধ্য দিয়ে সেনা প্রত্যাহারের নির্বাচনী প্রতিশ্র"তি পূরণ করলেন অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী কেভিন রাড।
বসরায় ব্রিটিশ সেনাবাহিনীর মুখপাত্র জানান, অস্ট্রেলীয় সেনাদের প্রত্যাহারের কাজ চলছে। মার্কিন সেনারা তাদের স্থলাভিষিক্ত হচ্ছে।
কিন্তু, যে এলাকায় অস্ট্রেলীয় সেনারা মোতায়েন ছিল সেই ধি-কার প্রদেশের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, সেনা প্রত্যাহার শেষ হয়েছে।
ইরাকিদের কাছে ধি-কার প্রদেশের নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের পর সেখানে মোতায়েন অস্ট্রেলীয় ৫১৫ সদস্যের সেনা দলটি মূলত ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার কাজ করে আসছিল।
তবে এ সেনা প্রত্যাহারের পরও পারস্য উপসাগরে ইরাকি তেল খালাস বন্দরগুলোর পাহারায় অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান রয়ে যাবে।
২০০৩ সালে ইরাকে আগ্রাসনের শুরুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়া প্রথম দেশগুলির একটি অস্ট্রেলিয়া।
কিন্তু গত নভেম্বরের সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে কেভিন রাডের অন্যতম প্রতিশ্র"তি ছিল ইরাক থেকে সেনা ফিরিয়ে আনা। কেভিন রাড ক্ষমতায় আসার পরপরই আবারও তার এ প্রতিশ্র"তি পূরণের ঘোষণা দেন।
জরিপে দেখা গেছে, অস্ট্রেলিয়ার শতকরা ৮০ ভাগ মানুষই ইরাক যুদ্ধের বিরোধী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৫২ ঘ.
bdnews24