নাইরোবি, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ায় খাদ্রদ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভকারীদের ওপর শনিবার পুলিশ লাঠিপেটা ও কাদুনে গ্যাস ছুঁড়েছে।
বিশ্ববাজারে খাদ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে পূর্ব আফ্রিকার সবচেয়ে ভালো অর্থনীতির দেশ কেনিয়ায়ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। তার ওপর বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংকটে খাদ্য মজুদ কমে জাওয়ায় দেশটিতে সংকট আরও ঘনিভূত হয়েছে।
এই সংকটে পড়ে কেনিয়ায় মূদ্রাস্ফিতীও বেড়ে গেছে। গত মার্চের ২১ দশমিক ৮ শতাংশ থেকে এপ্রিলে মূদ্রাস্ফিতী বেড়ে দাড়িয়েছে ২৬ দশমিক ৬ শতাংশে।
শনিবারের বিক্ষোভের এক আয়োজক বলেন, "দেশে খাদ্যের দাম বেড়ে গেছে কিন্তু সরকার বেতন বাড়ায়নি। সরকার খাদ্যে ভর্তুকিও দিচ্ছে না। এই অবস্থায় গরিব মানুষের জীবন নির্বাহ কষ্টকর হয়ে পড়েছে।"
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কয়েকশ' বিক্ষোভকারী রাজধানী নাইরোবিতে বিক্ষোভ করেছে। এ সময় তারা পুলিশের গাড়িও ভাংচুর করে।
বিক্ষোভকারীরা দেশের মানুষের প্রধান খাদ্য ভুট্টার আটার দাম ৮০ শিলিং থেকে কমিয়ে ৩০ শিলিং করার দাবি জানান।
বিক্ষোভকে বেআইনি অভিহিত করে নাইরোবির পুলিশ প্রধান সাংবাদিকদের জানিয়েছেন, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এর আগে কেনিয়ার প্রতিবেশি দেশ ক্যামেরুন ও সোমালিয়া এবং পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালেও দাঙ্গা-বিক্ষোভ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৩০ ঘ.
bdnews24