লেইডেন, নেদারল্যান্ডস, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এই প্রথম কোনো নারীর ডিএনএ ম্যাপ তৈরী করা হল। নেদারল্যান্ডসের লেইডেন মেডিকেল সেন্টারের গবেষকরা সম্প্রতি এ সাফল্য অর্জন করেন। ওই গবেষক দলেরই সদস্য জিনতত্ত্ববিদ মারজোলেইন ক্রেইক (৩৪) হলেন প্রথম নারী যার ডিএনএ ম্যাপ তৈরী করা হয়েছে।
একইসঙ্গে ডাচ গবেষকরা আরও জানান, ডিএনএ ম্যাপ তৈরীর প্রযুক্তি ও যন্ত্রপাতি উন্নত হওয়ায় এখন আগের চেয়ে কম সময়ে এবং কম খরচে তা সম্ভব হচ্ছে।
মারজোলেইন হলেন পঞ্চম মানুষ বৈজ্ঞানিক গবেষণার জন্য যার ডিএনএ ম্যাপ তৈরী করা হয়েছে।
মারজোলেইন বলেন, মানব ডিএনএ সম্পর্কে তথ্য সংগ্রহে নারীদের অংশগ্রহণের এটাই সুবর্ণ সময়।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি কিছুটা বিস্মিত কেননা এর আগে কেউই নারীর ডিএনএ ম্যাপ তৈরী করার কথা চিন্তাই করে নি।"
একইসঙ্গে তিনি বলেন, "প্রথমে মনে হয়েছিল 'আমরা কি এটা করতে পারবো', তারপর মনে হল আমরা যদি করিই তবে একজন নারীর ম্যাপই তৈরী করবো।"
ক্রেইকের ডিএনএ ম্যাপ তৈরী করতে নেদারল্যান্ডের লেইডেন মেডিকেল সেন্টারের গবেষণা দলটির নয় মাস সময় লেগেছে। আর এ জন্য খরচ হয়েছে ৪০ হাজার ইউরো বা ৬২ হাজার ডলার।
এর আগে ২০০১ সালে প্রথম মানব ডিএনএ ম্যাপ তৈরীর সময় মার্কিন সরকারের ৩০ কোটি ডলার খরচ করতে হয় এবং পাঁচ বছর সময় লাগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৫৪৫ ঘ.
bdnews24