তেগুচিগালপা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হন্ডুরাসে এক বিমান দুঘটনায় শুক্রবার পাঁচজন নিহত এবং ৩৮ জন আহত হয়েছে। সালভাদরের একটি যাত্রীবাহী বিমান তেগুচিগালপা বিমানবন্দরে অবতরণের সময় বৃষ্টিভেজা রানওয়ে থেকে ছিটকে পড়লে ওই ঘটনা ঘটে।
বিমানটি রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে পার্শ্ববর্তী একটি রাস্তার ওপর উঠে গেলে বেশ কয়েকটি গাড়ি বিধ্বস্ত এবং একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারতো।
স্যান সালভাদর থেকে 'টিএসিএ' এয়ার লাইনসের 'এ৩২০' বিমানটি ১৩৫ জন যাত্রী ও ক্রু নিয়ে হন্ডুরাসে আসে। প্রবল বৃষ্টিপাত এবং কুয়াশার জন্য বিমানটি রানওয়েতে আছড়ে পড়ে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
রয়টার্স টেলিভিশনের ভিডিও চিত্রে ঘটনাস্থলের আশপাশ থেকে ছুটে আসা লোকজন বিমানের ভাঙ্গা অংশ দিয়ে আহত যাত্রীদের টেনে বের করতে দেখা যায়।
পথচারীরা বিমানের ককপিট থেকে আটকে পড়া পাইলটদের বের করে আনে। তাদের একজন হাসপাতালে নেয়ার পর মারা গেছে।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রী ম্যারিও ক্যাস্টিলো হন্ডুরাস টেলিভিশনকে জানান, কুয়াশার মধ্যে অবতরণের আগে বিমানটি বিমাবন্দরের ওপর দিয়ে বেশ কয়েকটি চক্কর দেয়।
তিনি বলেন, "হঠাৎ আমরা একটা বিকট শব্দ শুনতে পাই, এরপর আমরা সবাই বিমান থেকে বের হওয়ার চেষ্টা করি।" একইসঙ্গে তিনি আরও বলেন, "বিজনেস ক্লাসের যাত্রীরা গুরুতর আহত হয়েছে।"
নিহত পাঁচ জনের মধ্যে একজন পাইলট, দুইজন যাত্রী এবং অন্য দুইজন পার্শ্ববর্তী রাস্তায় গাড়িতে থাকা আরোহী।
দুর্ঘটনার পর কর্তৃপক্ষ বিমানবন্দরটি বন্ধ করে দিয়েছে এবং সেখানকার সব বাণিজ্যিক বিমানের ফ্লাইট একটি সামরিক বিমানবন্দরে সরিয়ে নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৪৭ ঘ.
bdnews24